নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১০ জুন ২০২৬

নাসিকের ১৭ নং ওয়ার্ডের নয়াপাড়ায় বেড়েছে মশার উপদ্রব ও জলাবদ্ধতা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১০, ৯ জুন ২০২৬

নাসিকের ১৭ নং  ওয়ার্ডের নয়াপাড়ায় বেড়েছে মশার উপদ্রব ও জলাবদ্ধতা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ময়লা খাল পরিষ্কার না করায় মশার উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

এলাকাবাসীর অভিযোগ, খাল ও ড্রেনগুলো দীর্ঘদিন ধরে নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ময়লা-আবর্জনায় ভরে গেছে। খালের বিভিন্ন স্থানে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় মশার বংশবিস্তার বাড়ছে। এতে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

 

বাসিন্দারা জানান, অল্প সময়ের বৃষ্টিতেই এলাকার সড়কগুলো পানিতে তলিয়ে যায়। অনেক সময় পানি নামতে দীর্ঘ সময় লাগে, যার ফলে পথচারী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষকে ভোগান্তির শিকার হতে হয়। জলাবদ্ধতার কারণে যান চলাচলেও বিঘ্ন ঘটে এবং নষ্ট হয় সড়কের অবকাঠামো।

 

স্থানীয়দের মতে, খাল ও ড্রেনের যথাযথ রক্ষণাবেক্ষণ না থাকায় সমস্যাগুলো দিন দিন প্রকট আকার ধারণ করছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

 

এলাকাবাসী দ্রুত ময়লা খাল পরিষ্কার, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, জনদুর্ভোগ কমাতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

 

স্থানীয়দের আশা, সিটি কর্পোরেশন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।