নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ডাকাত, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য রয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ৩৫ পিস ইয়াবা, ১০ কেজি ২১০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে ৬ জন মাদক ব্যবসায়ী, ৪৬ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ১৪ জন, ৪ জন ডাকাত, ১ জন চোর, নিয়মিত মামলার ৫ আসামি, অন্যান্য ধারায় ৩ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ সদস্য রয়েছেন।
জেলা পুলিশের তথ্যমতে, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ২১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী ও আট মাদকসেবীকে গ্রেপ্তার করেছে। ফতুল্লা মডেল থানা পুলিশ ১৫ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন ও ১০ কেজি গাঁজাসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে তিনজন মাদক ব্যবসায়ী, তিনজন মাদকসেবী, তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার তিন আসামি ও নিষিদ্ধ সংগঠনের একজন সদস্য রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ১২ জন মাদকসেবী, একজন ওয়ারেন্টভুক্ত আসামি ও নিষিদ্ধ সংগঠনের একজন সদস্য রয়েছেন।
বন্দর থানা পুলিশ তিন ডাকাত, তিন ওয়ারেন্টভুক্ত আসামি ও অন্যান্য ধারার একজনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। সোনারগাঁও থানা পুলিশ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, ২১ জন মাদকসেবী, একজন ডাকাত, চারজন ওয়ারেন্টভুক্ত আসামি, অন্যান্য ধারার দুই আসামি ও নিষিদ্ধ সংগঠনের একজন সদস্যসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করেছে।
এদিকে, রূপগঞ্জ থানা পুলিশ একজন চোর, তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার দুই আসামি ও নিষিদ্ধ সংগঠনের একজন সদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। আড়াইহাজার থানা পুলিশ দুই মাদকসেবীকে গ্রেপ্তার করেছে।
জেলা পুলিশের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


































