নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২০ আগস্ট ২০২৬

ত্বকী হত্যা মামলার প্রতিবেদন ১ জুলাইয়ের মধ্যে দাখিলের নির্দেশ 
ত্বকী হত্যা মামলার প্রতিবেদন ১ জুলাইয়ের মধ্যে দাখিলের নির্দেশ 

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের দীর্ঘ ১৩ বছর তিন মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আদালতে জমা পড়েনি মামলার তদন্ত প্রতিবেদন। এই দীর্ঘ বিলম্বের পর, আগামী ১ জুলাইয়ের মধ্যে পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।  সোমবার (১ জুন, ২০২৬) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আবদুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্ত প্রতিবেদনে দীর্ঘসূত্রতা ও বর্তমান অবস্থা ১০৪ বার সময় আবেদন: ত্বকীর বাবা রফিউর রাব্বি ক্ষোভ প্রকাশ করে জানান, তদন্তকারী সংস্থা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ পর্যন্ত ১০৪ বার সময় নিয়েছে। অনুমতির অজুহাত: গত ২৬ এপ্রিল মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার আরও ৩০ দিনের সময় চেয়ে আবেদন করেছিলেন, যা আদালত মঞ্জুর করেন। সে সময় তদন্তকারী কর্মকর্তা জানিয়েছিলেন, প্রতিবেদন তৈরিতে এখন ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতির প্রয়োজন। আদালতের কড়া নির্দেশ: পূর্ববর্তী ধার্য তারিখে তদন্তের অগ্রগতি সম্পর্কে আদালতকে অবহিত করার কথা থাকলেও আজ তদন্তকারী কর্মকর্তা কোনো প্রতিবেদন বা আবেদন জমা দেননি। ফলে বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত আগামী ধার্য তারিখে (১ জুলাই) প্রতিবেদন দাখিলের চূড়ান্ত নির্দেশ দেন। আদালতে আসামিদের হাজিরা আজকের শুনানির সময় মামলার ৯ জন আসামির মধ্যে ৭ জন আদালতে হাজিরা দেন। হাজিরা দেওয়া আসামিরা হলেন: ইউসুফ হোসেন, কাজল হাওলাদার, আবদুল্লাহ্ আল মামুন, সাফায়েত হোসেন, মামুন মিয়া, ইয়ার মোহাম্মদ পারভেজ এবং রিফাত হোসেন।

সোমবার, ১ জুন ২০২৬, ১৯:৫৩

বন্দরে স্কুল ছাত্র আরাফাত হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
বন্দরে স্কুল ছাত্র আরাফাত হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

আরাফাত রহমান হত্যা মামলায় রিপন নামে এক আসামীর মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীমের আদালতে এ আদেশ দেওয়া হয়। একই সঙ্গে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপরাধ প্রমান না হওয়ায় অপর আসামী রাব্বীকে এই মামলায় খালাসের আদেশ দিয়েছে আদালত। আদালতে রায় শোনানীর সময় আসামী দুজন অনুপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, বন্দর উপজেলার মদনপুর ইউপির লাউসার গ্রামের রফিকুল ইসলাম মনার ছেলে স্কুলছাত্র আরাফাতকে গত ২০২০ সালের ১৫ ডিসেম্বর রাত ৯টার দিকে বিজয় দিবসের একটি কনসার্টে নিয়ে যায় একই গ্রামের ইসলাম মিয়ার ছেলে রিপন মিয়া। বড় ভাইয়ের সাথে দ্বন্দের জের ধওে ওই রাতেই বাড়ির পাশে পুরাতন স্কুল ভবনে নিয়ে আরাফাতকে প্রথমে ইট দিয়ে মাথা থেঁতলে দেয়। পরে গলাটিপে হত্যা করে মসজিদের পুকুরে লাশ ফেলে দিয়ে রিপন নিজেই পরিবারের সঙ্গে আরাফাতকে খোঁজাখুঁজি করে। তিন দিন পর ১৮ ডিসেম্বর আরাফাতের লাশ ভেসে ওঠে। পরে ১৯ ডিসেম্বর এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনায় রিপনকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে একাই হত্যাকান্ড চালায় বলে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেয় সে। পরে আদালত থেকে জামিন  প্রাপ্ত হয়ে পলাতক রয়েছে রিপন। তিনি আরো জানান, স্কুল ছাত্র আরাফাত হত্যা মামলায় রিপনকে স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে মৃত্যুদন্ডের আদেশ দেয় আদালত। অপর আসামী রাব্বী দোষী সাব্যস্ত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়। রায় শোনানীর সময় আসামী পলাতক ছিলেন।

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৫:৫৮