নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৭ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১০, ৫ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহ আলমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি আদালতে এ মামলা করেন।

এতে শাহ আলম ছাড়াও আসামি করা হয়েছে তার স্ত্রী, দুই পুত্র এবং তার কর্মী সোহাগ ও শরীফকে। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আবেদনে সাইফুল ইসলাম উল্লেখ করেন, স্বতন্ত্র প্রার্থী হওয়া সত্ত্বেও মোঃ শাহ আলম নিজেকে বিএনপির পরিচয়ে উপস্থাপন করে হরিণ প্রতীকে ভোট চাইছেন।

তিনি “তারেক রহমানের মার্কা হরিণ মার্কা, দেশনেত্রীর মার্কা হরিণ মার্কা” স্লোগান ব্যবহার করে ভোটারদের বিভ্রান্ত করছেন বলে অভিযোগ করা হয়। এসব কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে মামলার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাড়ি ভূঁইয়া বলেন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর বিএনপি থেকে তাকে বহিস্কার করা হলেও তিনি নির্বাচনে তার প্রতীককে তারেক রহমানের মার্কা, খালেদা জিয়ার মার্কা বলে প্রচার করছে। যা প্রতারণা ও সম্পূর্ণ জালিয়াতি। তিনি ভোটারদেরকে বিভ্রান্ত করছেন। যার জন্য সাইফুল ইসলাম নারায়ণগঞ্জ আমলী আদালত ফতুল্লায় জালিয়াতির একটি মামলা করেছে তার বিরুদ্ধে। আদালত অভিযোগটি আমলে নিয়েছেন এবং তদন্ত করার জন্য সিআইডি কে দায়িত্ব দিয়েছেন।