নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর দাবা প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা পর্যায়ের বাছাইপর্বে চার ক্ষুদে দাবাড়ু জেলা পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।
এর আগে খুলনা স্টেডিয়াম থেকে অনলাইনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সদর উপজেলা পর্যায়ের বাছাইয়ে বালিকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছে ফতুল্লা ইউনিয়নের বিবি মরিয়ম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নুসরাত হাসান নাবা এবং দাপা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জারা চৌধুরী। নাবা নাহার চেস একাডেমির দাবা শিক্ষার্থী।
অন্যদিকে বালক বিভাগ থেকে নির্বাচিত হয়েছে ফতুল্লা ইউনিয়নের সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. রাফ রাফিন সরকার দিহান এবং কুতুবপুর ইউনিয়নের হাজী আওলাদ হোসেন হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাহারিয়ান সাহাত সাবিত।
বাছাইপর্ব চলাকালে ভেন্যুতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। জেলা পর্যায়ে উন্নীত হওয়া ক্ষুদে দাবাড়ুদের সঙ্গে কথা বলে তিনি তাদের উৎসাহিত করেন। পরে নির্বাচিত চার দাবাড়ুকে নিয়ে ফটোসেশনে অংশ নেন তিনি।
জেলা পর্যায়ে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছে নির্বাচিত চার ক্ষুদে দাবাড়ু।


































