নারায়ণগঞ্জের বন্দরে নিজ বাড়ির একটি কক্ষ থেকে শওকত ইসলাম (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার এনায়েতনগর এলাকার বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। শওকত ওই এলাকার মৃত আব্দুল হামিদ ও শিরিনা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে ঘর থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, শওকতের স্ত্রী মোসা. আরিফা তাঁদের তিন কন্যাসন্তানকে নিয়ে একই এলাকার বাবার বাড়িতে থাকেন। মঙ্গলবার সকালে স্ত্রীকে নিজের বাড়িতে যাওয়ার কথা জানিয়ে শ্বশুরবাড়ি থেকে বের হন শওকত। তাঁর বড় ভাই শাকিল জানান, শওকত দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


































