নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ নভেম্বর ২০২৬

সদর উপজেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ২য় ও ৩য় ব্যাচের উদ্বোধন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৩:৪২, ২ নভেম্বর ২০২৬

সদর উপজেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ২য় ও ৩য় ব্যাচের উদ্বোধন

তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় Climate Resilient Campus Initiative-এর আওতায় ওয়েব ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং বিষয়ে ৩০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ২য় ও ৩য় ব্যাচের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। প্রশিক্ষণের ২য় ও ৩য় ব্যাচে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতির বিকাশের ফলে কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে। প্রচলিত চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসেই দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। এসব সুযোগ কাজে লাগাতে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও ইংরেজি ভাষায় যোগাযোগের সক্ষমতা বাড়াতে হবে।

তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখতে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে তুলতে তথ্যপ্রযুক্তিভিত্তিক দক্ষতা অর্জনের বিকল্প নেই। ওয়েব ডিজাইন ও ডিজিটাল মার্কেটিংয়ের মতো চাহিদাসম্পন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তরুণরা স্থানীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেদের অবস্থান তৈরি করতে পারবেন। এ জন্য প্রশিক্ষণার্থীদের নিয়মিত উপস্থিতি, মনোযোগের সঙ্গে হাতে-কলমে কাজ শেখা এবং অর্জিত দক্ষতা বাস্তবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উদ্যোক্তারা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ই-কমার্স ও ডিজিটাল প্ল্যাটফর্মের দ্রুত সম্প্রসারণের ফলে ওয়েব ডিজাইন ও ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা বাড়ছে। এ ধরনের প্রশিক্ষণ তরুণদের আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সম্ভাবনা তৈরি করবে।

Climate Resilient Campus Initiative-এর আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে নারায়ণগঞ্জ সদর উপজেলার তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং বৈশ্বিক ডিজিটাল কর্মবাজারে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টির প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত বিষয়: