নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৯ নভেম্বর ২০২৬

সদর

সদর

নারায়ণগঞ্জে পুলিশ-শ্রমিক সংঘর্ষ

নারায়ণগঞ্জে পুলিশ-শ্রমিক সংঘর্ষ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় বিক্ষোভরত পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এ সংঘর্ষের সময় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছুড়েছে। পুলিশ বলছে, মঙ্গলবার বিকেলে শ্রমিকেরা ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট ও ভুইগড় এলাকায় সড়ক অবরোধ করে। এক পর্যায়ে বিক্ষুদ্ধ শ্রমিকেরা পুলিশ ও বিজিবির সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এর আগে বিকেল তিনটার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকায় বিভিন্ন পোশাক কারখানা থেকে বেরিয়ে শ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অবস্থান নেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে শত শত যানবাহন। সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে শিবু মার্কেট এলাকা থেকে শ্রমিকদের সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়। এরপর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

০৬:১০ পিএম, ৩ নভেম্বর ২০২৬ মঙ্গলবার

রাসেল হত্যা: শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

রাসেল হত্যা: শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

নারায়ণগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি করে হোসিয়ারি শ্রমিক রাসেলকে (১৭) হত্যা করা হয়। এই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাক্ষ্য দিয়েছেন নিহত রাসেলের বাবা পিন্টু রহমান ও প্রত্যক্ষদর্শী দেওভোগ সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ। সোমবার (২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ সাক্ষ্য গ্রহণ করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ বলেন, আদালত দুজনের সাক্ষ্য গ্রহণ করেছেন। সাক্ষীদের মতে রাসেলকে শামীম ওসমানই তার দলবল নিয়ে গুলি করে হত্যা করেছেন। এ মামলার রায়ে নিহত রাসেলের বাবা সর্বোচ্চ সাজা দাবি করেছেন। সাক্ষী গ্রহণের সময় আদালতে মামলার ৭ জন আসামি উপস্থিত ছিলেন। পলাতক রয়েছেন শামীম ওসমানসহ ২৭ জন। পরবর্তী সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর। আসামিপক্ষের আইনজীবী সাইদুর রহমান বলেন, আদালতে দেওয়া সাক্ষ্যে মামলার এজাহারনামীয় আসামিদের রাসেল হত্যায় কোনো সম্পৃক্ততা নেই বলেই প্রতীয়মান হয়েছে। একই সঙ্গে জেরায় বাদী বলেছেন, পুলিশের লেখা এজাহারে তিনি শুধু স্বাক্ষর দিয়েছেন। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জ শহরের দেওভোগ মার্কেটের সামনে গুলিতে আহত হন হোসিয়ারি শ্রমিক রাসেল। এরপর ২২ জুলাই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ২৭ জুলাই নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন রাসেলের বাবা পিন্টু রহমান। তাদের গ্রামের বাড়ি নওগাঁ জেলার মান্দা থানার কশব ভোলাগাড়ী গ্রামে। রাসেল নারায়ণগঞ্জ শহরের দেওভোগ মার্কেটে হোসিয়ারি কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।

১০:২৯ পিএম, ২ নভেম্বর ২০২৬ সোমবার

নারায়ণগঞ্জে সুতা ব্যবসায় ৪০ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকির মামলা

নারায়ণগঞ্জে সুতা ব্যবসায় ৪০ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকির মামলা

নারায়ণগঞ্জে জামাল ইয়ার্ন ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪০ কোটি ৩৯ লাখ ১০ হাজার ৯৪২ টাকার মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকির অভিযোগে মামলা দায়ের করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জ। বুধবার (২৮ অক্টোব) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সদর উপজেলার টানবাজার এলাকার এস এম মালেহ রোডে অবস্থিত প্রতিষ্ঠানটি আমদানিকারক ও সরবরাহকারী হিসেবে ব্যবসা পরিচালনা করে। কমিশনারেটের নিবারক দল আকস্মিক পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানের মজুদ পণ্য ও হিসাব ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে। এ সময় প্রতিষ্ঠানটি ভ্যাটসংক্রান্ত দলিলাদি দেখাতে ব্যর্থ হয়। পরে প্রতিষ্ঠানের বিভিন্ন রেজিস্টার, খাতা, চালান বই, গার্ড ফাইল, কম্পিউটার থেকে সংগৃহীত এক্সেল কপি এবং প্রতিষ্ঠানের প্রতিনিধির স্বাক্ষরযুক্ত একটি বিবৃতি জব্দ করা হয়। জব্দ করা দলিলাদি প্রাথমিকভাবে পর্যালোচনা করে দেখা যায়, ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির সুতা বিক্রির মোট পরিমাণ ৬৫৯ কোটি ১৪ লাখ ৬০ হাজার ৫৯১ টাকা। এ বিক্রির ওপর ৫ ও ৭ দশমিক ৫ শতাংশ হারে প্রযোজ্য ভ্যাটের পরিমাণ ৪০ কোটি ৪০ লাখ ৪৪ হাজার ৪৪২ টাকা। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত প্রতিষ্ঠানটি দাখিলপত্রে (মূসক-৯.১) ৩৯ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২৩০ টাকার বিক্রি দেখিয়েছে। একই সময়ে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে মাত্র ১ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা জমা দিয়েছে। এ হিসাবে প্রতিষ্ঠানের কাছে সরকারের বকেয়া ভ্যাটের পরিমাণ দাঁড়িয়েছে ৪০ কোটি ৩৯ লাখ ১০ হাজার ৯৪২ টাকা। কমিশনারেট জানায়, প্রতিষ্ঠানটির এ কার্যক্রম মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিভিন্ন বিধানের লঙ্ঘন। এ কারণে অনাদায়ী ভ্যাট, জরিমানা ও আইনের ১২৭ ধারা অনুযায়ী সুদ আদায়ের লক্ষ্যে মামলা দায়ের করা হয়েছে।

০৯:৪৬ পিএম, ২৮ অক্টোবর ২০২৬ বুধবার

নারায়ণগঞ্জে খুন, ছিনতাই ও অপহরণে জনমনে উদ্বেগ

নারায়ণগঞ্জে খুন, ছিনতাই ও অপহরণে জনমনে উদ্বেগ

নারায়ণগঞ্জে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি কুপিয়ে হত্যা, সন্ত্রাসীদের প্রকাশ্যে গুলি, ব্যক্তিগত বিরোধ ও রাজনৈতিক পরিচয়ধারীদের হত্যার ঘটনা ঘটছে জেলার বিভিন্ন এলাকায়। সাম্প্রতিক সময়ে একাধিক হত্যাকাণ্ডের পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক সংগঠনের নেতারা। এসব ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। গত ১৮ অক্টোবর রূপগঞ্জে বিরোধের জেরে যুবদল নেতা রিপন মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এজাহারভুক্ত অন্যতম আসামি সারোয়ার খানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর তিনদিনের ব্যবধানে, ২১ অক্টোবর রাতে সোনারগাঁয়ের চিরকিশোরগঞ্জে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহিরুল ইসলাম ফকিরকে কুপিয়ে হত্যা করা হয়। অল্প সময়ের ব্যবধানে জেলার দুটি উপজেলায় দুই রাজনৈতিক নেতার হত্যাকাণ্ড স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে। এর আগে ৮ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহে জেলায় ছয়টি হত্যাকাণ্ড ঘটে। ওই সময়ে আটটি মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। এর মধ্যে দুটি অপমৃত্যু হিসেবে উল্লেখ করা হয়েছিল। এক সপ্তাহের মধ্যে একাধিক হত্যাকাণ্ড ও মরদেহ উদ্ধারের এসব ঘটনা জেলার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এরমধ্যে বন্দরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে গত ১২ অক্টোবর। উপজেলার মাহমুদনগর এলাকায় নিহত মাকসুদা বেগমের বয়স ছিল ৭২ বছর। এ সময় তার ছেলে রাসেল ও প্রতিবেশী শফিকুল ইসলাম তাকে রক্ষা করতে গিয়ে আহত হন। এর পরদিন ১৩ অক্টোবর বন্দরের তিনগাঁও উত্তরপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে সুফিয়া আক্তার নিশি (২৪) নামের এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার স্বামী আবদুল মান্নান ওরফে মনিরকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া গত ৪ সেপ্টেম্বর রাতে চাষাড়ায় হকার্স মার্কেটের পেছনে শুভ চন্দ্র দাস হত্যাকাণ্ড শহরে আলোচনার জন্ম দেয়। সেইসাথে গত ১৮ অক্টোবর নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় মেয়েকে বিশ্ববিদ্যালয়ের বাসে তুলে দিতে গিয়ে সকালে ছিনতাইকারীদের কবলে পড়েন দৈনিক শীতলক্ষ্যার সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দিপু। এ সময় ছুরি ও আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ টাকা এবং তার মেয়ের মোবাইল ফোন ও কানের দুল ছিনিয়ে নেয় ছিনতাইকারীর। এছাড়া গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফতুল্লায় ফুল বিক্রি করা ১০ বছর বয়সী এক শিশুকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠে। মধ্যরাতে শিশুটিকে চানমারী থেকে তুলে নিয়ে শিবু মার্কেট এলাকার একটি বাসায় নিয়ে অচেতন করে ধর্ষণ করা হয়। পরে শিশুটিকে রাস্তার পাশে ফেলে রেখে যায়। শুক্রবার (২৩ অক্টোবর) রূপগঞ্জে ১৯ বছর বয়সী এক যুবক ও ১৫ বছর বয়সী কিশোরীকে অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। নারায়ণগঞ্জে এসব ধারাবাহিক হত্যাকাণ্ড, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিকদল ও নাগরিক সমাজের লোকজনরা। এরমধ্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন ও এসব পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান। তিনি জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে শুধু আশ্বাস নয় দৃশ্যমান কার্যকর পদক্ষেপের কথাও বলেন। সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে খুন, চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা। ২২ অক্টোবর দেওয়া এক যৌথ বিবৃতিতে সংগঠনটির ভারপ্রাপ্ত জেলা আমির মো. মাসুদুর রহমান গিয়াস ও সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ যেন আইনের আওতার বাইরে না থাকেন, সে বিষয়েও গুরুত্ব দেন তারা। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সোনারগাঁ, বন্দর, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে হত্যাকাণ্ড ঘটেছে। এসব ঘটনার পেছনে ব্যক্তিগত বিরোধ, পূর্বশত্রুতা, জমি ও সম্পত্তি নিয়ে বিরোধ, পাওনা টাকা কিংবা রাজনৈতিক বিরোধের মতো কারণ উঠে এসেছে। ধারাবাহিক এসব ঘটনায় অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে।

০৯:৫৩ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ শনিবার