নজরুল বর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য একটি ‘সাহিত্য কর্ণার’ উদ্বোধন
করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সাহিত্য কর্ণারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।
কোমলমতি শিক্ষার্থীদের সাহিত্যচর্চা ও সৃজনশীলতার বিকাশ এবং নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়।
এছাড়াও বিদ্যালয়টির বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের এক বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় সংবর্ধিত শিক্ষার্থীদের পড়াশোনায় আরও ভালো ফলাফলের পাশাপাশি নিয়মিত সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের নিজেদের লেখা ও নকশায় তৈরি দেয়ালিকা ‘বাঁধনহারা’-র মোড়ক উন্মোচন। দেয়ালিকাটিতে শিক্ষার্থীদের স্বরচিত কবিতা, গল্প, ছড়া ও প্রবন্ধ স্থান পেয়েছে, যা তাদের সুপ্ত প্রতিভার প্রকাশ ঘটিয়েছে।
বিদ্যালয় সংশ্লিষ্টরা জানায়, সাহিত্য কর্ণার চালুর ফলে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের পাশাপাশি নিয়মিত বিভিন্ন ধরণের সাহিত্য পড়ে তাদের মননশীলতার বিকাশ ঘটাতে পারবে, যা বিদ্যালয়ে অবস্থানকালীন সময়কে আরও শিক্ষার্থীবান্ধব ও আনন্দময় করে তুলবে।
সেইসাথে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা এবং তাদের সুস্থ ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পর্যায়ক্রমে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ‘সাহিত্য কর্ণার’ বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


































