নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতের কবলে পড়ার অভিযোগ করে রাতে লাইভে এসেছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে কুমিল্লা থেকে ফেরার পথে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় তিনি ডাকাতের কবলে পড়েন। তবে তার কাছ থেকে কোনো কিছু খোয়া যায়নি বলে ফেসবুক লাইভে জানিয়েছেন।
এ ঘটনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক। তিনি বলেন, ‘ডাকাতি সংঘটিত হয়নি। চেষ্টা করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।’
জানা গেছে, এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে রফিকুল ইসলাম মাদানি ডাকাতের কবলে পড়েন। তাৎক্ষণিক তিনি ফেসবুক লাইভে এসে তাকে রক্ষা করার আকুতি জানান।
তিনি লাইভে জানান, সড়কের মধ্যে বড় বড় পাথর ফেলে গাড়ির গতিরোধ করে ডাকাতি করা হচ্ছে। তাঁর গাড়ি একটু দূরে থাকায় তিনি রক্ষা পেয়েছেন। ডাকাতরা রামদা নিয়ে ডাকাতি করছেন। এ সময় অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
তিনি আরও জানান, ডাকাতদের দেখে তাঁর গাড়ি চালক গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়ার কারণে তারা রক্ষা পেয়েছেন।


































