নারায়ণগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ১৩ জন মাদক ব্যবসায়ী, ৪৩ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ১১ জন, ছিনতাইকারী একজন, চোর দুজন, নিয়মিত মামলার আসামি আটজন, অন্যান্য মামলায় একজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন সদস্য রয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ২০৮ পিস ইয়াবা, ৪ কেজি ৬২০ গ্রাম গাঁজা ও ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী, চারজন মাদকসেবী, একজন পরোয়ানাভুক্ত ও একজন নিয়মিত মামলার আসামি রয়েছেন। এ সময় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশ ৪ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া দুজন মাদকসেবী, চারজন পরোয়ানাভুক্ত, একজন নিয়মিত মামলার আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ১২ গ্রাম হেরোইনসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ছয়জন মাদকসেবী, একজন ছিনতাইকারী, একজন পরোয়ানাভুক্ত, নিয়মিত মামলার দুজন আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুজন সদস্যসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানা পুলিশ ১২০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি দুজন মাদকসেবী, তিনজন পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার দুজন আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁও থানা পুলিশ ১০৮ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ১৬ জন মাদকসেবী, দুজন পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার দুজন আসামিসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রূপগঞ্জ থানা পুলিশ ১০০ পিস ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া দুজন চোর ও মোবাইল কোর্টের মাধ্যমে ১২ জন মাদকসেবীসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশ মাদকসেবী একজন ও অন্যান্য ধারায় একজনসহ মোট দুজনকে গ্রেপ্তার করেছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


































