নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৬ অক্টোবর ২০২৬

নগরীতে হকার উচ্ছেদ করতে গিয়ে তোপের মুখে নাসিক প্রশাসক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:২১, ২৬ অক্টোবর ২০২৬

নগরীতে হকার উচ্ছেদ করতে গিয়ে তোপের মুখে নাসিক প্রশাসক

নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্টের সামনে হকার উচ্ছেদ করতে গিয়ে হকারদের তোপের মুখে পড়েন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। এসময় হকাররা তাকে অনেকটা অবরুদ্ধ করে  নানা স্লোগান ও হৈচৈ করে। এক পর্যায়ে সিটি করপোরেশনের কর্মীদের সাথে হকারদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে কালীবাজার এলাকায় উত্তেজিত হকাররা অবস্থান নিলে সদর মডেল থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে সিটি কর্পোরেশনের ২০ থেকে ৩০ জন কর্মী উচ্ছেদ অভিযান পরিচালনায় অংশ নেয়। এ সময় উচ্ছেদ অভিযানের গাড়ি ও ভেকু ব্যবহার করা হয়।

 

অভিযোগ রয়েছে, পূর্বঘোষণা বা আগাম অবহিতকরণ ছাড়াই অভিযান পরিচালনা করে হকারদের গাড়ি ও চকি ভাঙচুর করা হয়। পাশাপাশি হকারদের বিক্রির জন্য রাখা গেঞ্জি, জুতা ও অন্যান্য মালামাল এবং ১০টি সবজিবাহী ভ্যান গাড়ি সিটি কর্পোরেশনের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। এ সময় মালামাল নিয়ে যাওয়ায় বাধা দিলে হকারদের সঙ্গে সিটি কর্পোরেশনের কর্মীদের ধাক্কাধাক্কি হয়।

 

ঘটনার পর ক্ষুব্ধ হকাররা কালীবাজার এলাকায় নাসিক প্রশাসককে অবরুদ্ধ করে অবস্থান নেন। পরে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও টহল দলের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

 

অভিযান চলাকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু ইউসুফ খান টিপুও উপস্থিত ছিলেন। 

 

এদিকে, এ ঘটনায় সৃষ্ট পরিস্থিতি নিয়ে আগামী সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় সদর মডেল থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত বিষয়: