নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ অক্টোবর ২০২৬

বর্ণ

ডা. গাজী খায়রুজ্জামান :

প্রকাশিত:২০:৪১, ৮ অক্টোবর ২০২৬

বর্ণ

বর্ণ

 

প্রত্যেকটি বর্ণ একা একা রয়,

নীরব, নিঃসঙ্গ—

বুকে তার কত না-বলা কথা,

তবু প্রকাশের পথ নেই তার।

 

অন্য বর্ণ এসে যখন পাশে দাঁড়ায়,

গড়ে ওঠে শব্দ, জেগে ওঠে প্রাণ;

শব্দেরা হাত ধরাধরি করে

গড়ে তোলে বাক্য, প্রকাশ পায় ভাব।

 

বর্ণের কোনো অহংকার নেই—

কে আগে, কে পরে;

সবাই মিলে অর্থের জন্ম দেয়

একটি শব্দের ঘরে।

 

কেউ স্বর হয়ে সুর তোলে,

কেউ ব্যঞ্জনে দেয় শক্তি;

ভিন্ন ভিন্ন পরিচয় নিয়েও তারা

ভাষার ভুবন গড়ে নির্ভয়।

 

কোনো বর্ণ স্বাধীন স্বর হয়ে

নিজের পরিচয় বহন করে,

আবার কোনো বর্ণ নীরবে পাশে থেকে

শক্তি জোগায় অন্তরে।

 

একটি বর্ণে যতটুকু শক্তি,

মিলনে তার বিস্তার;

একটির স্রোত ক্ষীণ হলেও

সহস্র স্রোতে জাগে জোয়ার।

 

উভয়ের মিলনে ধীরে ধীরে

জন্ম নেয় অর্থের মহোৎসব;

ভিন্ন সুর, ভিন্ন পরিচয়—

তবু একই বন্ধনে গড়ে ওঠে শব্দ।

 

কিছু বর্ণ আলো হয়ে পথ দেখায়,

কিছু আঁধারে জ্বালে দীপ;

কিছু নীরব থেকে আগলে রাখে

শব্দের আপন নীড়।

 

কখনো বর্ণ পাশাপাশি দাঁড়িয়ে

গড়ে নতুন নতুন শব্দ,

কখনো মিলিত স্পন্দনে

জেগে ওঠে দৃঢ় ছন্দ।

 

কখনো একটি বর্ণের অভাবে

থেমে যায় অর্থের ধারা;

ভুল স্থানে বসলে সেই বর্ণই

বদলে দেয় বাক্যের ভাষা।

 

তাই বর্ণের মিলনে ছোট-বড় নয়—

যার যেখানে প্রয়োজন, সে সেখানেই রয়;

নিজ নিজ গুণে মিলে একই বন্ধনে

শব্দের মাঝে পূর্ণতার আলো জ্বলে।

 

একটি বর্ণে সূচনা,

বহু বর্ণে শব্দ;

শব্দ মিলে বাক্য গড়ে,

জেগে ওঠে প্রাণ;

কখনো সে প্রেমের চিঠি,

কখনো অভিমানের গান।

 

একটি শব্দে শুরু যে ভাব,

বহু শব্দে তার বিস্তার;

একটি শব্দে স্বপ্ন জাগে,

বহু শব্দে পায় প্রকাশের দ্বার।

 

একটি বর্ণ সরে গেলে

শব্দ হয় অসম্পূর্ণ;

বর্ণটি ফিরে এলে

অর্থ হয় পরিপূর্ণ।

 

তাই বর্ণের নীরব পাঠ—

একসাথে পথ চলা;

ভিন্ন সুরে, ভিন্ন রূপে থেকেও

মিলিত শক্তির স্পর্শে

অসম্ভবকে সম্ভব করা,

একই সুরে গান গেয়ে পথ চলা।

 

একটি বর্ণ ক্ষুদ্র হলেও

তারও আছে মান;

বর্ণ মিলে শব্দ গড়ে,

শব্দে জাগে প্রাণ।

 

বর্ণগুলো হাত ধরাধরি করে

গড়ে তোলে আপন ভাষা;

কখনো তাতে বাজে প্রেমের সুর,

কখনো ঝরে দীর্ঘশ্বাস।

 

বর্ণে বর্ণে গাঁথা থাকে

মনের কত কথা;

শব্দেরই ভেলায় ভাসে

স্বপ্ন ছোঁয়ার ব্যাকুলতা।

 

তাই বর্ণ শুধু বর্ণ নয়—

মিলনের এক আহ্বান;

খুলে দেয় অর্থের প্রথম দ্বার,

বর্ণের মিলনেই গড়ে ওঠে

পূর্ণতার এক সংসার।

 

বিচ্ছিন্নতায় থাকে নীরবতা,

একতায় জেগে ওঠে জয়ের গান;

ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি মিলেই

গড়ে ওঠে শব্দভাণ্ডার।

 

গ্রন্থের পাতায় এলে বর্ণ

হয়ে ওঠে কবিতা, গল্প, উপন্যাস;

বর্ণের মিলনেই রচিত হয়

অমর ইতিহাস।

 

তাই বর্ণের এই নীরব শিক্ষা—

একলা নয়, মিলনেই শক্তি;

ভিন্ন হয়েও পাশাপাশি থেকে

গড়ে তোলা যায় শ্রেষ্ঠ সম্প্রীতি,

আর মিলিত শক্তিতে

গড়া যায় অমর কীর্তি।

 

-গাজী খায়রুজ্জামান 

লেখক ও চিকিৎসক

সম্পর্কিত বিষয়: