নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ নভেম্বর ২০২৬

সাহিত্যকর্মে অবদান রেখেও রাষ্ট্রীয় সম্মাননা পাননি কবি মুজিবুল হক কবীর

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:২৮, ২০ নভেম্বর ২০২৬

সাহিত্যকর্মে অবদান রেখেও রাষ্ট্রীয় সম্মাননা পাননি কবি মুজিবুল হক কবীর

সাহিত্যচর্চা ও সৃষ্টিশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও জাতীয় পর্যায়ে যথাযথ মূল্যায়ন পাননি কবি মুজিবুল হক কবীর। তাঁর সাহিত্যকর্ম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে, অনূদিত হয়েছে একাধিক ভাষায়। অথচ জাতীয় পর্যায়ের উল্লেখযোগ্য কোনো পুরস্কার তাঁর ঝুলিতে নেই। জাতীয় পুরস্কার প্রদানের ক্ষেত্রে যোগ্যতার চেয়ে অর্থ, তদবির, ক্ষমতার প্রভাব ও তোষামোদকে প্রাধান্য দেওয়ার কারণে প্রকৃত গুণী ব্যক্তিরা স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন আলোচকেরা।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে ‘লক্ষ্যা পারের কবি মুজিবুল হক কবীর’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। নারায়ণগঞ্জ কবিতা পরিষদ আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ষষ্ঠ তলায় নারায়ণগঞ্জ টিভি কার্যালয়ে। 

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সালাম জুবায়ের। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজ।

আলোচকেরা বলেন, ঢাকাকেন্দ্রিক সাহিত্যচর্চার বাইরে থেকেও নারায়ণগঞ্জে অবস্থান করে জাতীয় পর্যায়ে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন মুজিবুল হক কবীর। তাঁর কবিতা ও ছন্দবিষয়ক লেখালেখি ইংরেজি, উর্দু ও গুজরাটি ভাষায় অনূদিত হয়েছে। বাংলা ভাষায় ছন্দবিষয়ক উল্লেখযোগ্য পাঁচটি বইয়ের তালিকা করতে গেলে তাঁর ‘ছন্দের ঘরবাড়ি’ বইটি প্রথম সারিতে থাকবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাঁর লেখা পাঠ্যসূচিতে রয়েছে। 

গবেষণা ও তথ্যসূত্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে তাঁর সাহিত্যকর্ম। এত অবদান থাকার পরও জাতীয় পর্যায়ে যথাযথ স্বীকৃতি না পাওয়া দুঃখজনক।

আলোচনায় ছড়াকার ড. রুমন রেজা বলেন, মুজিবুল হক কবীর সাহিত্যচর্চাকে সাধনার পর্যায়ে নিয়ে গেছেন। বাংলা সাহিত্যে তাঁর সৃষ্টিকর্ম উপেক্ষা করার কোনো সুযোগ নেই। কবি শামসুর রাহমান সাম্প্রতিক সময়ের পাঁচজন বিশিষ্ট কবির মধ্যে মুজিবুল হক কবীরের নাম উল্লেখ করেছেন।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাঁর ছন্দবিষয়ক বই ও কবিতা পড়ানো হয়, যা তাঁর সাহিত্যিক অবস্থানের প্রমাণ।

কবি করিম রেজা বলেন, মুজিবুল হক কবীর রমাকান্ত কামারকে নিয়ে ধারাবাহিক কবিতা লিখেছেন। তাঁর সৃষ্ট এই চরিত্র পরবর্তী সময়ে আরও অনেক কবির লেখায় জায়গা করে নিয়েছে। এটি তাঁর সৃষ্টিশীলতার উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

অনুবাদক সাইদুর রহমান বলেন, ১৯৮৭ সালে প্রকাশিত ‘পোয়েম অব ফাইভ ইয়াং পয়েট অব বাংলাদেশ’ গ্রন্থে স্থান পাওয়া পাঁচ তরুণ কবির একজন ছিলেন মুজিবুল হক কবীর। সাহিত্যিক যোগ্যতা ও অবদান থাকা সত্ত্বেও জাতীয় পুরস্কার না পাওয়ার পেছনে পুরস্কার অর্জনের প্রচলিত অসৎ পন্থায় না হাঁটার বিষয়টি রয়েছে বলে মনে করেন তিনি।

কবি অভিজিৎ রায় বলেন, মান্নান সৈয়দ তাঁর বিভিন্ন লেখায় বারবার মুজিবুল হক কবীরের কথা উল্লেখ করেছেন। এমনকি মুজিবুল হক কবীর তাঁকে অতিক্রম করেছেন, সেটিও মান্নান সৈয়দ নিজেই স্বীকার করেছেন।

আলোচনা শেষে অসুস্থ কবি মুজিবুল হক কবীর নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, সাহিত্যিকদের বাছাই করা বই পড়া উচিত। তা না হলে জীবনের অনেক মূল্যবান সময় অপচয় হয়। জীবনের এই পর্যায়ে এসে তাঁর মনে হয়েছে, আরও বেশি নির্বাচিত বই পড়া প্রয়োজন ছিল। যাঁর যে বিষয়ে আগ্রহ রয়েছে, সেই বিষয়টি নির্বাচন করে সে বিষয়ে বেশি বেশি বই পড়ার পরামর্শ দেন তিনি।

সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মুজিবুল হক কবীর বলেন, পশ্চিমবঙ্গে নতুন বই প্রকাশিত হলে সরকার সেখান থেকে ৫০০ কপি বই কিনে নেয়। এ ধরনের উদ্যোগ লেখালেখি ও সাহিত্যচর্চাকে এগিয়ে নিতে সহায়তা করে। বাংলাদেশেও সাহিত্যিকদের উৎসাহিত করতে সরকারের এমন উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সভায় আরও বক্তব্য দেন কবি পুলক হাসান, কাজল কানন, দীপক ভৌমিক, মোহাম্মদ সেলিম, আহমেদ বাবলু, জহিরুল ইসলাম মিন্টু, মিলন মাহমুদ, চান মিয়া চান্দু, আনিসুর রহমান হিরা, মোখলেসুর রহমান তোতা, কাউসার আহমেদ, জয়নাল আবেদীন জয়, মাসুদ রানা লাল, চঞ্চল মেহমুদ কাশেম, লুৎফর রহমান মিয়া ভাই ও মাসুদ রানা সবুজ।