নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২০ নভেম্বর ২০২৬

বন্দর থেকে উদ্ধার মিঠাপানির কুমির এখন সাফারি পার্কে

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:০৩, ২০ নভেম্বর ২০২৬

বন্দর থেকে উদ্ধার মিঠাপানির কুমির এখন সাফারি পার্কে

নারায়ণগঞ্জের বন্দরের মুসাপুর ইউনিয়নের একটি পুকুর থেকে উদ্ধার করা প্রায় সাত ফুট লম্বা মিঠাপানির কুমিরটি গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে। সেখানে কুমিরটিকে পর্যবেক্ষণে রাখা হবে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে এর পরবর্তী আবাসস্থল নির্ধারণ করা হবে।

 

গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে তিন দফা চেষ্টার পর কুমিরটি উদ্ধার করা হয়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন বিভাগ, স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেদের যৌথ অভিযানে কুমিরটি ধরা পড়ে। পরে রাত পৌনে ১১টার দিকে কুমিরটিকে পার্কে নেওয়ার পর কুমির বেষ্টনীর জলাশয়ে ছেড়ে দেওয়া হয়।

 

বন্দর উপজেলা প্রশাসন জানায়, প্রায় তিন মাস ধরে কুমিরটি ওই এলাকার বিভিন্ন পুকুরে ঘোরাফেরা করছিল। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। সর্বশেষ ১৭ নভেম্বর স্থানীয় বাসিন্দারা কাঁঠাপাতা মসজিদ লেনের কাছের একটি পুকুরে কুমিরটির অবস্থান শনাক্ত করে প্রশাসনকে জানান। পরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সহযোগিতায় উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।

উদ্ধার অভিযানের জন্য পুকুরের পানি কমাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি পাম্প বসানো হয়। ফায়ার সার্ভিসও একটি পাম্প সরবরাহ করে। পুকুরটির দৈর্ঘ্য প্রায় ২৫০ ফুট, প্রস্থ ৩০০ ফুট এবং পানির গভীরতা ছিল ১১ থেকে ১২ ফুট। কুমিরটি যাতে অন্য কোথাও চলে যেতে না পারে, সে জন্য টানা তিন রাত পুকুরের চারপাশে পাহারার ব্যবস্থাও করা হয়।

 

বৃষ্টির কারণে গতকাল সকাল ৯ টার পরিবর্তে ১১টার দিকে অভিযান শুরু হয়। প্রথমে স্থানীয় জেলেরা মাছ ধরার জাল দিয়ে কুমিরটিকে পুকুরের এক পাশে নিয়ে যেতে সক্ষম হন। তবে পানি থেকে তোলার সময় জাল ছিঁড়ে যায়। দ্বিতীয় দফার চেষ্টাও ব্যর্থ হয়। পরে দ্বিস্তরবিশিষ্ট জাল ব্যবহার করে তৃতীয় দফায় কুমিরটিকে ধরা সম্ভব হয়।

 

অভিযানে নেতৃত্ব দেওয়া বন বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক জানান, উদ্ধার করা কুমিরটির দৈর্ঘ্য আনুমানিক সাত ফুট এবং ওজন ৭০ থেকে ৮০ কেজি। উদ্ধারের সময় এটি বিশেষ আক্রমণাত্মক আচরণ করেনি। কুমিরটি কীভাবে ওই এলাকায় এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

উদ্ধারকারী দলের ধারণা, কুমিরটি শীতলক্ষ্যা নদী দিয়ে ওই এলাকায় প্রবেশ করে থাকতে পারে। আবার কোনো ব্যক্তিগত মালিকানা, খামার কিংবা বিনোদনকেন্দ্র থেকে পালিয়ে এসেও পুকুরটিতে আশ্রয় নিয়ে থাকতে পারে।

 

অসীম মল্লিক বলেন, ওই এলাকা মিঠাপানির কুমিরের স্বাভাবিক আবাসস্থল নয়। এ বছর সেখানে বড় ধরনের বন্যা বা জলাবদ্ধতাও হয়নি। ফলে কুমিরটি কীভাবে সেখানে এসেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

উদ্ধারকারী দলের সাত সদস্যের একটি দল ঢাকা থেকে অভিযানে অংশ নেয়। বৃষ্টির পাশাপাশি ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিও উদ্ধারকাজকে চ্যালেঞ্জিং করে তোলে।

 

কুমিরটিকে আপাতত গাজীপুর সাফারি পার্কে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর এটিকে অন্য কোথাও স্থানান্তর করা হবে, নাকি উপযুক্ত পরিবেশে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

সম্পর্কিত বিষয়: