কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ঘিরে নাশকতা প্রতিরোধে নারায়ণগঞ্জে ফ্যাসিস্টবিরোধী স্লোগানে মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে সেই মিছিলে জেলা যুবদলের এক নেতার পাশে একাধিক বৈষম্যবিরোধী মামলা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি হিসেবে পরিচিত ফতুল্লার রামারবাগ এলাকার রাজ্জাকের উপস্থিতি নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে আয়োজিত ওই শোডাউনে একটি গাড়ির খোলা ছাদে মাইক হাতে স্লোগান দিচ্ছিলেন যুবদলের এক নেতা। এ সময় তিনি ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ স্লোগান দেন। একই সময় তাঁর গাড়ির পাশের একটি মোটরসাইকেলের পেছনে বসে রাজ্জাককেও স্লোগানে অংশ নিতে দেখা যায়।
মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। আওয়ামী লীগবিরোধী মিছিলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থাকা একজন ব্যক্তির উপস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করেন অনেকে। এমনকি মিছিলে অংশ নেওয়া কয়েকজনের মধ্যেও বিষয়টি নিয়ে টিপ্পনি ও প্রশ্ন ওঠে। তাঁদের মন্তব্য, ‘চিহ্নিত ফ্যাসিস্টকে সঙ্গে নিয়েই ফ্যাসিস্টবিরোধী মিছিল—বিষয়টি বেশ অদ্ভুত!’
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে রাজ্জাককে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও বিদেশে অবস্থানরত শাহ নিজামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বলে অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক বৈষম্যবিরোধী মামলা ছাড়াও সন্ত্রাসবিরোধী আইনে মামলা থাকার কথা জানা গেছে। তবে এসব মামলার বর্তমান অবস্থা এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজ্জাকের বিরুদ্ধে একাধিক মামলা হলেও তিনি প্রকাশ্যে চলাফেরা করছেন। অথচ পুলিশ তাঁকে খুঁজে পাচ্ছে না বলে বিভিন্ন সময়ে দাবি করা হয়েছে। বুধবার রাতের মিছিলে তাঁর প্রকাশ্য উপস্থিতির ভিডিও সামনে আসার পর পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।
এদিকে রাজ্জাকের বিএনপিতে সম্পৃক্ত হওয়ার চেষ্টার অভিযোগও রয়েছে। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে কুতুবপুর ইউনিয়ন বিএনপির পরিচয়ে একটি পোস্টকার্ড তৈরি করে প্রচার করেন তিনি। পরে কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এক প্রেস বিজ্ঞপ্তিতে তাঁকে বিএনপির কেউ নন বলে উল্লেখ করেন এবং তাঁর গ্রেপ্তার দাবি করেন।
সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় একের পর এক অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ ও নাশকতার ঘটনা ঘটছে। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা রয়েছে। এর মধ্যে মামলার আসামি হিসেবে পরিচিত একজন ব্যক্তির ফ্যাসিস্টবিরোধী মিছিলে প্রকাশ্যে অংশগ্রহণ নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একদিকে ফ্যাসিস্টবিরোধী বক্তব্য ও মিছিলের মাধ্যমে রাজনৈতিক অবস্থান তুলে ধরা, অন্যদিকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থাকা ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ—এ ধরনের দ্বিমুখী অবস্থান রাজনৈতিক নেতৃত্বের নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে।
তাঁদের মতে, রাজনৈতিক পরিচয় পরিবর্তন কিংবা মিছিলে অংশগ্রহণের চেয়ে গুরুত্বপূর্ণ হলো অতীত কর্মকাণ্ডের জবাবদিহি এবং আইনের শাসন নিশ্চিত করা। রাজ্জাকের বিরুদ্ধে থাকা মামলাগুলোর সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া এবং তাঁকে ঘিরে ওঠা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতা ও প্রশাসনের স্পষ্ট বক্তব্য দেওয়া জরুরি।
সব মিলিয়ে বুধবার রাতের ওই মিছিল এখন নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ফ্যাসিস্টবিরোধী স্লোগানের আড়ালে কারা কাকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।


































