নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৮ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে এক রাতে ট্রেনের বগি, ২ লেগুনা ও ৩ বাসে আগুন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:২২, ১৮ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে এক রাতে ট্রেনের বগি, ২ লেগুনা ও ৩ বাসে আগুন

নারায়ণগঞ্জে একের পর এক অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি ট্রেনের বগির সিট, দুটি লেগুনা এবং তিনটি বাস পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জের পৃথক স্থানে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অধিকাংশ ঘটনায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের জড়িত থাকার তথ্য জানিয়েছে স্থানীয় সূত্র।

 

ঘটনাগুলোর মধ্যে বুধবার ভোর পৌনে ছয়টার দিকে চাষাঢ়া রেলস্টেশনে ঢাকাগামী একটি ট্রেনের বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বগির বেশ কয়েকটি সিট পুড়ে যায়। আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে রেলওয়ে স্টেশনের এলএম শহিদুল ইসলাম অগ্নিনির্বাপণ পাউডার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

একই দিন ভোর পাঁচটার দিকে ফতুল্লার চানমারী এলাকায় একটি মাজারের কাছে পার্কিং করে রাখা দুটি লেগুনায় আগুন দেওয়া হয়। স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে আসা তিন যুবক লেগুনা দুটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে।

 

এদিকে, বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ‘থ্রি স্টার’ পরিবহনের একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এতে বাসটির বেশ কিছু অংশ পুড়ে যায়। তবে বাসে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

 

অন্যদিকে, মঙ্গলবার রাত আনুমানিক তিনটার দিকে রূপগঞ্জের গোলাকান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় মেঘলা পরিবহনের দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়। পাঁচটি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত ১০ জন দুর্বৃত্ত বাস দুটিতে আগুন ধরিয়ে দেয় বলে বাসমালিক ও স্থানীয় সূত্র জানিয়েছে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাস দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

 

মেঘলা পরিবহনের বাস দুটির মালিক শহিদুল আলম জানান, বাস দুটি মাসুমের গ্যারেজে রাখা ছিল। দুর্বৃত্তদের আগুনে তার সর্বস্ব শেষ হয়ে গেছে।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

 

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস জানান, সানারপাড়ে পার্কিং করা বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। বাসটি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টাফ পরিবহনের কাজে ব্যবহৃত হতো।

 

এদিকে, রূপগঞ্জের গোলাকান্দাইলের ঘটনায় ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জু জানান, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এক রাতের ব্যবধানে জেলার বিভিন্ন স্থানে গণপরিবহন ও রেলওয়ের বগিতে ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।