নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৭ নভেম্বর ২০২৬

বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় গ্রেপ্তার কৃষক শ্রমিক জনতা লীগের নেতা দেলোয়ার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:২৫, ১৭ নভেম্বর ২০২৬

বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় গ্রেপ্তার কৃষক শ্রমিক জনতা লীগের নেতা দেলোয়ার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ারকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এর আগে সোমবার (১৬ নভেম্বর) রাতে তাকে সদর উপজেলার কাশীপুর আমবাগান এলাকার বাসা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ হেফাজতে নেয়। তখন তাকে আটক বা গ্রেপ্তার না দেখিয়ে জিজ্ঞাসাবাদের কথা জানিয়েছিল পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে শফিকুল ইসলাম দেলোয়ারকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান বলেছিলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি তথ্য যাচাই-বাছাইয়ের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে আটক বা গ্রেপ্তার দেখানো হয়নি। জিজ্ঞাসাবাদে নিশ্চিত কিছু পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পরে একই রাতে ফতুল্লা মডেল থানায় বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই মামলায় শফিকুল ইসলাম দেলোয়ারসহ ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

এ মামলায় শফিকুল ইসলাম দেলোয়ারসহ পাচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যুবলীগ নেতা মো. হাসান (২৭), সামসুজ্জামান জামান (৫৬), সোহেল (৩৩) ও আব্দুল বারিক ইসলাম হৃদয় (২০)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।

তিনি বলেন, মাসদাইরের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহারে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশ, শ্রমিক লীগ নেতা শাহাদাৎ হোসেন সেন্টু, আব্দুর সাত্তার, মীর সোহেল আলী মীরু, ফরহাদ (৩৫), টিক্কা মোল্লা (৫০), মিলন (৪৫), পলাশ (৪৫), মো. সোহেল (৩০), মো. সৌরভ (৩৫), শাওন, রাকিব হোসেন (৩০), রাসেল, ফয়সাল আহম্মেদ রূপম, হাজী মনিরুদ্দিন, আজমত আলী (৪৫), মীর হোসেন মিরু (৪৫), মো. রতন, আনিসুর রহমান শ্যামল (৫০), নুর হোসেন (৫০), মো. শিপলু (৫০), আমির (৪০), নেছার সানি ও ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম চেয়ারম্যান।

এজাহারে বলা হয়, রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া দুইটার দিকে ফতুল্লা মডেল থানাধীন উত্তর মাসদাইর এলাকার গাবতলীতে আমেনা গার্মেন্টস-সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা চালান আসামিরা। এ সময় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা পালিয়ে যান।

ঘটনার পর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সম্পর্কিত বিষয়: