রাজধানীর ডেমরায় দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা থেকে মোস্তাকিম বিল্লাল নাদিম (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে ডেমরার বক্সনগর এলাকা থেকে সে নিখোঁজ হয়। এরপর সাত দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ মোস্তাকিমের বাবার নাম মাওলানা গিয়াস উদ্দিন। তাদের স্থায়ী ঠিকানা কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কুরছাপ গ্রামে।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজের সময় মোস্তাকিমের পরনে ছিল পাঞ্জাবি ও পাজামা। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি এবং গায়ের রং উজ্জ্বল শ্যামলা।
স্বজনরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ৪৩৬।
সন্তানকে ফিরে পেতে উদ্বিগ্ন পরিবার প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে। কোনো হৃদয়বান ব্যক্তি মোস্তাকিমের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
মোবাইল: 01771-313054


































