১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার: নারায়ণগঞ্জের সাইনবোর্ডে অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদরাসার ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নিতে আজ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে যান বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য হবীবুল্লাহ মিসবাহর নেতৃত্বে কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ মহানগরীর একটি প্রতিনিধি দল।
এ সময় প্রতিনিধি দলের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁদের চিকিৎসার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাঁদের শারীরিক ও মানসিক অবস্থার বিষয়ে খোঁজ নেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় দপ্তর ও প্রকাশনা সম্পাদক জাহিদ আবরার, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হুদা রনি, প্রশিক্ষণ সম্পাদক আশরাফ বিন মুজিবসহ মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য হবীবুল্লাহ মিসবাহ আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া মাদরাসার পাশে দাঁড়ানোর জন্য দেশবাসী, আলেম-উলামা, দ্বীনদরদি ব্যক্তি ও সামর্থ্যবানদের প্রতি আন্তরিক আহ্বান জানান।
তিনি আহত শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া কামনা করেন।


































