নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১০ নভেম্বর ২০২৬

মাদ্রাসায় আগুনে আহতদের চিকিৎসা বিনামূল্যে, ২ মেডিকেল বোর্ড: প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:১৮, ১০ নভেম্বর ২০২৬

মাদ্রাসায় আগুনে আহতদের চিকিৎসা বিনামূল্যে, ২ মেডিকেল বোর্ড: প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহত শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। একই সঙ্গে অর্ধশতাধিক শিক্ষার্থীর চিকিৎসায় দুটি মেডিকেল বোর্ড গঠনের কথা জানিয়েছেন তিনি।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে এসে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, “যারা আছেন, তাদেরকে পরিচর্যার জন্য দুইটি মেডিকেল বোর্ড ইতোমধ্যেই গঠন করা হয়েছে এবং তাদের যত রকমের পরীক্ষা-নিরীক্ষা লাগছে ইনভেস্টিগেশন, সেগুলো সবকিছু ফ্রি করে দেওয়া হয়েছে।”

 

এই মেডিকেল বোর্ডে ১৩-১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন বলে জানান তিনি।

 

সোমবার রাত ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় আগুন লাগে। পাঁচতলা মাদ্রাসা ভবনের দোতলায় আগুন লাগে। আগুনে ওই তলায় থাকা লাইব্রেরি পুড়ে গেছে। উদ্ধারকারীদের ধারণা, মাদ্রাসার একটি অংশে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

 

মুহূর্তের মধ্যে আগুনের ধোঁয়া ভবনের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এ সময় ভবনে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। তারা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করে।

এ ঘটনায় আহত ৭৯ জনকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে আনা হয়। তাঁদের মধ্যে ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

চিকিৎসকরা বলেছেন, তাঁদের কারও শরীরের কোথাও দগ্ধ হয়নি। তবে অনেকের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। চারজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, যাঁদের মধ্যে একজনের অবস্থা ‘আশঙ্কাজনক’।

 

প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, “এই অগ্নিকাণ্ডের ফলে তাদের শ্বাসনালীতে বড় ধরনের সমস্যা হয়েছে। তাদের শ্বাসকষ্ট হচ্ছিল এবং তাদের যে শ্বাসনালী সেখানেও কিছু ইনজুরি হয়েছে।”

 

তিনি বলেন, “মূলত মাদ্রাসাটি বহুতল একটা ভবন, সেখানে দোতলায় একটা লাইব্রেরি ছিল এবং প্রশাসনিক অংশটা ছিল। সেখানে থেকে অগ্নিকাণ্ডের সূচনা। ফলে উপরতলাগুলোতে তিনতলায়, চারতলায় এই মাদ্রাসার ছাত্ররা ছিল। উপরের দিকে ধোঁয়া ব্যাপক আকারে যাওয়ায় তাদের শ্বাসনালীতে ধোঁয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়। “আরেকটা জিনিস যেটা যে, তারা ভয়ার্তভাবে যখন ছুটাছুটি করে এবং যে মেন্টাল ট্রমা—এসব মিলিয়ে তারা আহত অবস্থায় হাসপাতালে আসে।”

 

প্রতিমন্ত্রী বলেন, “আমাদের বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা প্রথম থেকেই তাদের অত্যন্ত যত্ন সহকারে সঠিকভাবে চিকিৎসা দিয়েছেন।

“আমাদের ডাক্তাররা দুইটা মেডিকেল বোর্ডের মাধ্যমে প্রত্যেকটা রোগীকে নিবিড় পরিচর্যায় যথাযথভাবে চিকিৎসা দিচ্ছেন। অনেকেই মোটামুটি রিকভার করছেন। আমরা আশা করি যে, আজকে সন্ধ্যা বা রাতের মধ্যে আরো প্রায় ৩০ জনকে আমরা ছুটি দিয়ে দিতে পারব। বাকি যারা আছেন, তারা এখন পর্যন্ত ভালো আছেন।”

 

আইসিইউতে থাকা চার শিক্ষার্থীর বিষয়ে তিনি বলেন, “তাদেরকে আইসিইউ যথাযথভাবে দেখা হচ্ছে, ইনশাল্লাহ তারাও রিকভার করবেন।”

এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ‘প্রায়ই ঘটে’ মন্তব্য করে তিনি এ বিষয়ে সবার সচেতন হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

 

বার্ন ইনস্টিটিউটের বিশেষায়িত সেবা ঢাকার বাইরেও ‘বিকেন্দ্রীকরণ’ করার প্রয়োজনীয়তার কথাও বলেন প্রতিমন্ত্রী মুহিত।

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ঘটনা ঘটে, আগুনের দুর্ঘটনা হয়; এটা তো আমাদের একটা সিস্টেমেটিক প্রবলেম। এটা শুধু যে এই মাদ্রাসাতে তাই নয়; মাদ্রাসা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বলেন, অনেক সময় দেখা যায় যে- স্টুডেন্টরা নিজেরা ভাড়া নিয়ে হোস্টেল বানিয়ে থাকে।

 

“আসলে একটা বিল্ডিং রেগুলেশনের ব্যাপার আছে, কী পারপাসে বিল্ডিংটা তৈরি হয় এবং কী পারপাসে ইউজ হয়। আমরা দেখেছি এর আগে বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে আগুন লাগছে; ওগুলো কিন্তু হোটেল রেস্টুরেন্টের জন্য ডিজাইন করা না। আবাসিক ভবনগুলো বড় রাস্তার পাড়ে হলে আমরা এগুলাকে কমার্শিয়াল হিসেবে ইউজ করছি।”

 

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, “একইভাবে মাদ্রাসার ওটাও হয়তো মাদ্রাসার জন্য ডিজাইন করা কোনো প্রতিষ্ঠান না। একটা বাসা-বাড়িকে বা ওরকম একটা বিল্ডিংকে কনভার্ট করা হয়েছে। এ ব্যাপারে আমার মনে হয় যে বিল্ডিং রেগুলেশন এবং সিস্টেমেটিক যে পলিসি চেঞ্জগুলো আসা দরকার, সেগুলোর দিকে আমাদের মন দিতে হবে। “সার্বিকভাবে আমাদের এই বিল্ডিংয়ের ব্যবহার এবং বিল্ডিং গড়ে তোলাটাকে আরো সুন্দরভাবে রেগুলেট করা দরকার।”

 

মাদ্রাসার আগুনের কারণ প্রসঙ্গে মুহিত বলেন, “এখন পর্যন্ত আমি সর্বশেষ যেটুকু শুনেছি, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো বলা হয়নি। তবে যেটা ধারণা করা হচ্ছে যে ওইখানে এডমিনিস্ট্রেটিভ উইং এবং লাইব্রেরি ছিল, সেখানে সম্ভবত শটসার্কিট হয়ে থাকতে পারে।”