নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৯ নভেম্বর ২০২৬

পুলিশের চোখ ফাঁকি দিতে দামী প্রাইভেট কারে ইয়াবা বিক্রি, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৫:৪৯, ৯ নভেম্বর ২০২৬

পুলিশের চোখ ফাঁকি দিতে দামী প্রাইভেট কারে ইয়াবা বিক্রি, গ্রেপ্তার ১

পুলিশের নজর এড়াতে দামী প্রাইভেট কার ব্যবহার করে ইয়াবা বিক্রির কৌশল নিয়েছিলেন মো. রিফাত হৃদয় (২৩)। দীর্ঘদিন ধরে এভাবে মাদক কেনাবেচা করে আসার অভিযোগ থাকলেও শেষ রক্ষা হয়নি তাঁর। অবশেষে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে প্রাইভেট কারসহ গ্রেপ্তার হয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) ভোর ৪টার দিকে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় যমুনা ব্যাংকের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা এবং মাদক বিক্রিতে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে পুলিশ।

গ্রেপ্তার রিফাত হৃদয় ফতুল্লা মডেল থানার সস্তাপুর এলাকার মৃত শরিফ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শিবু মার্কেট এলাকায় ইয়াবা কেনাবেচার খবর পেয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে রিফাত প্রাইভেট কার নিয়ে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।

পরে তাঁর দেহ তল্লাশি করে প্যান্টের ডান পকেট থেকে ২৫ পিস ইয়াবা এবং বাঁ পকেট থেকে নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা টাকা মাদক বিক্রির এবং প্রাইভেট কারটি ইয়াবা কেনাবেচার কাজে ব্যবহার করা হতো বলে দাবি পুলিশের।

এ ঘটনায় এসআই মো. মফিজুর রহমান বাদী হয়ে রিফাতের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।