নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৯ নভেম্বর ২০২৬

আড়াইহাজারে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১১:১৪, ৯ নভেম্বর ২০২৬

আড়াইহাজারে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাজনৈতিক আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে বিএনপির দুই গ্রুপের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৭ থেকে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মাখরাজ মসজিদ সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন আহাম্মেদ সালামত এবং আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসেনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি শেষে ফেরার পথে দুই পক্ষের অনুসারীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৭ থেকে ৮ জন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে রিফাতুল্লাহ (৩৫) ও শাহজাহান (৪০)-এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাঁরা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

 

উল্লেখ্য, সালাউদ্দিন আহাম্মেদ সালামত ও মোবারক হোসেন দুজনই কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রাজনৈতিক আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

 

এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান, জাতিয় বিপ্লব ও সংহতি দিবসে মিছিল শেষ করে যাওয়ার সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এসময় দু'পক্ষই ঢিলাঢিলি করলে কয়েকজন আহত হয়। এদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেলে নেয়া হলে সেখান থেকে চিকিৎসা নিয়ে দুজনেই বাড়ি চলে আসেন। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে কোন পক্ষই থানায় লিখিত কোন অভিযোগ দেয় নাই।