নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৭ নভেম্বর ২০২৬

মহানগর যুবদলের নতুন কমিটি ঘিরে আলোচনায় সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা হাসান

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:২২, ৭ নভেম্বর ২০২৬

মহানগর যুবদলের নতুন কমিটি ঘিরে আলোচনায় সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা হাসান

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নতুন কমিটি গঠনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। সম্ভাব্য নেতৃত্ব নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে হিসাব-নিকাশ। এরই মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসান।

 

সাংগঠনিক অভিজ্ঞতা, রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং শিক্ষার্থী সংগঠনে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে তাঁকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে বলে দাবি তাঁর সমর্থক ও রাজনৈতিক সহকর্মীদের। সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়ার বাসিন্দা হাসান মহানগর যুবদলের সভাপতি অথবা সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

 

২০১০ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই রাজনীতিতে সম্পৃক্ত হন হাসান। দীর্ঘ পথচলায় ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক এবং হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।

 

তাঁর ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মীদের দাবি, বিশ্ববিদ্যালয় পর্যায়ের রাজনীতি থেকে কেন্দ্রীয় নেতৃত্বে উঠে আসার পথে হাসান সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করেছেন। পাশাপাশি দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

 

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে গ্রেপ্তার, কারাবরণ ও একাধিক মামলার মুখোমুখি হতে হয়েছে বলে জানিয়েছেন তাঁর রাজনৈতিক সহকর্মীরা। তাঁদের মতে, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম দিক।

 

এ ছাড়া ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক দেশব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় টিম প্রধানের দায়িত্ব পালন করেন হাসান। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষিত নারায়ণগঞ্জ-৩ আসনের নির্বাচনী প্রচারণা টিমেরও টিম প্রধান ছিলেন তিনি।

 

মহানগর যুবদলের নেতৃত্বে আসার প্রত্যাশা জানিয়ে মো. হাসান বলেন, ‘কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি করলেও দিন শেষে নিজের এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। এটি আমার জন্মস্থান। এখানে রাজনীতি করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি।’

 

তিনি আরও বলেন, ‘আমি যুবদলের সর্বোচ্চ পদে দায়িত্ব পালনের জন্য কাজ করার চেষ্টা করছি। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায়ও দায়িত্ব পালন করেছি। আন্দোলন-সংগ্রামে ছিলাম, রাজপথে ছিলাম। গ্রেপ্তার হয়েছি, জেল খেটেছি। আমার নামে কয়েকটি মামলাও হয়েছে। এসব বিবেচনায় যুবদলের সভাপতি অথবা সাধারণ সম্পাদক পদ প্রত্যাশা করছি। তবে বাকিটা দল যেটা ভালো মনে করবে।’

 

রাজনীতির পাশাপাশি সামাজিক ও শিক্ষার্থীকল্যাণমূলক কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছেন হাসান। তিনি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ছাত্রকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন। সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের নিয়ে গঠিত।

 

এ ছাড়া ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব নারায়ণগঞ্জের (ডুসান) প্রতিষ্ঠাকালীন সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন তিনি। বর্তমানে সংগঠনটির অন্যতম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ‘স্বপ্নের নারায়ণগঞ্জ’ নামের একটি সামাজিক উদ্যোগের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।

 

স্থানীয় মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে হাসান জানান, রাজনৈতিক পরিচয়ের বাইরে সামাজিক দায়বদ্ধতা থেকেও বিভিন্ন সময়ে নারায়ণগঞ্জের মানুষের জন্য কাজ করেছেন। বিশেষ করে বিভিন্ন সংকট ও দুর্যোগের সময়ে সহযোগিতামূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। বন্যার সময় নিজস্ব সংগঠনের মাধ্যমে দায়িত্ব পালন করেছেন বলেও জানান তিনি।

 

সব মিলিয়ে মহানগর যুবদলের নতুন কমিটি ঘিরে সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় নিজের অবস্থান তুলে ধরছেন সাবেক এই কেন্দ্রীয় ছাত্রদল নেতা। তবে শেষ পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কারা দায়িত্ব পাবেন, তা নির্ধারিত হবে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে।

সম্পর্কিত বিষয়: