নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেছেন, দেশের মানুষের রক্তের বিনিময়ে অর্জিত ত্যাগের পরও দুর্নীতি ও অনিয়মের সংস্কৃতি এখনো দূর হয়নি। সাধারণ মানুষ ভাত বা অনুদান চায় না, তারা চায় জীবনের নিরাপত্তা, শান্তি এবং আইনের শাসন। কেউ অপরাধ করলে তার জায়গা হবে জেল ও থানায়, আর ভালো মানুষরা থাকবে নিরাপদে—এটাই জনগণের মূল প্রত্যাশা।
৮ নভেম্বর বিকালে আয়োজিত ‘নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বর্তমান সমাজের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে মাওলানা আবদুল জব্বার বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও আমাদের দেশে দাম বেশি রাখা হচ্ছে, যা থেকে পরিষ্কার বোঝা যায় এর পেছনে শুভঙ্করের ফাঁকি রয়েছে। সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজের উদাহরণ দিয়ে তিনি বলেন, ১৫ দিন আগে নির্মাণকাজ শেষ হওয়া ফুটপাতের স্লাব ভেঙে পড়ছে। অতীতে রডের বদলে বাঁশ ব্যবহারের কথা শোনা গেলেও এখন কী ব্যবহার করা হচ্ছে তা আল্লাহই ভালো জানেন। ২০ কোটি টাকা বরাদ্দের পরও যদি এই অবস্থা হয়, তবে সাধারণ মানুষ পরিবর্তনের সুফল থেকে বঞ্চিতই থেকে যাচ্ছে।
তিনি আরও বলেন, এত জীবন, মায়ের কোল খালি হওয়া এবং ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর দেশবাসীকে নতুন করে ভালো কিছুর সিদ্ধান্ত নিতে হবে। জনগণের অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, "আমাদের কথা ও কাজের মধ্যে কোনো তফাৎ থাকবে না ইনশাআল্লাহ। আমাদের কাজ দিয়ে দেখুন, আমরা জনগণের আমানত জনগণের কাছে ফিরিয়ে দেব।"
মাদক নির্মূলের বিষয়ে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে প্রধান অতিথি বলেন, যারা মুখে মাদক নিয়ন্ত্রণের কথা বলেন অথচ নিজে এর সাথে জড়িত থেকে ব্যবসা করেন, তাদের মাধ্যমে সমাজ থেকে মাদক দূর করা সম্ভব নয়। জামায়াতে ইসলামী কাউকে মাদক খেতে দেবে না এবং নিজেরাও এর সাথে জড়াবে না। সমাজে কোনো ধরনের জুলুম বরদাস্ত করা হবে না এবং কাউকে জুলুম করতেও দেওয়া হবে না বলে জানান তিনি।
নাগরিকদের মৌলিক অধিকার ও নিরাপত্তার ওপর জোর দিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ চায় একটি সুশৃঙ্খল ও নিরাপদ সমাজ, যেখানে কেউ অন্যায় করলে বীরদর্পে ঘুরে বেড়াতে পারবে না এবং নিরাপরাধ নাগরিকেরা হয়রানির শিকার হবে না।
অনুষ্ঠানে থানা আমীর আবুল কালামের সভাপতিত্বে মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন সহ স্থানীয় নাগরিক সমাজ ও বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


































