নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ট্যাংকলড়ির ট্যাংকার চেক করতে গিয়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১১:০৮, ৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ট্যাংকলড়ির ট্যাংকার চেক করতে গিয়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্যাংক লরির তেলের ট্যাংকার চেক করতে গিয়ে ফার্নিশ অয়েলের গ্যাসে মো. রাতুল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আরও একজন আহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টায় নাসিক ৮নং ওয়ার্ডের ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। 

নিহত যুবক ধনুকুন্ডা সাউদ বাড়ি এলাকার কুদ্দুস আলীর ছেলে। তিনি ওই ট্যাংক লরির হেলপার ছিলেন। অপরদিকে আহত ব্যক্তির নাম মো. ফারুক (৪২)।

জানা গেছে, ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডের পূর্ব পাশে মারুফ নামক এক ব্যক্তির মালিকানাধীন ফার্নিশ ওয়েল হাউজের সামনে ফার্নিশ ওয়েল বহনকারী একটি ট্যাংক লরির ট্যাংকার চেক করতে লড়ির হেলপার রাতুল ভেতরে প্রবেশ করেন। তখন ফার্নিশ ওয়েলের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। বিষয়টি মালিকের ম্যানেজার মো. ফারুক বুঝতে পেরে তাৎক্ষণিক তাকে উদ্ধারের উদ্দেশ্যে ট্যাংকারের ভেতরে প্রবেশ করলে তিনিও অজ্ঞান হয়ে পড়েন। 

পরবর্তীতে আশপাশের লোকজন তাদের উভয়কে অচেতন অবস্থায় উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।