না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমানের ঘনিষ্ঠ বন্ধু নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। ১৯৬৪ সালের ১১ আগস্ট জন্মগ্রহণ করেন খোকন সাহা।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। প্রথমে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতায় (Electrolyte Imbalance) আক্রান্ত হওয়ার পর সম্প্রতি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে রাজধানীর মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, সোমবার রাতে তাঁকে মহাখালীর হাসপাতাল থেকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।
সূত্রের দাবি, তাঁর বিরুদ্ধে একাধিক বৈষম্যবিরোধী মামলা থাকায় গ্রেপ্তারসংক্রান্ত জটিলতার বিষয়টি বিবেচনায় রেখে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তাঁর চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছিল। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি নারায়ণগঞ্জের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা খোকন সাহাকে। ওই সময়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের অনেক নেতার মতো তিনিও আত্মগোপনে চলে যান বলে জানা যায়। এরপর থেকে তাঁর প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো খবর পাওয়া যায়নি।
খোকন সাহা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে তিনি ছিলেন পরিচিত ও প্রভাবশালী মুখ।


































