নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয়জন মাদ্রাসা শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং একজনকে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আগুনে সৃষ্ট তীব্র ধোঁয়ায় শ্বাসকষ্টে অন্তত ৪৮ জন শিক্ষার্থী আহত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে সাইনবোর্ড ভুঁইঘর এলাকার শান্তিধারায় জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে রাত ২টা ৫ মিনিটে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কাঁচপুর ও শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের মোট পাঁচটি ইউনিট প্রায় ২৫ মিনিটের চেষ্টায় রাত ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে রাত ৩টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
অগ্নিকাণ্ডে মাদ্রাসার দ্বিতীয় তলায় অবস্থিত প্রায় চার হাজার বর্গফুটের লাইব্রেরি ও অফিস কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী, এ ঘটনায় আনুমানিক ১৫ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। তবে প্রায় ৫০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
তিনি জানান, আগুনেবছয়জন মাদ্রাসা শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং একজনকে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


































