নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি, অগ্নিসংযোগ ও বোমাবাজির বিরুদ্ধে নারায়ণগঞ্জে দিনব্যাপী ‘লীগ প্রতিরোধ’ কর্মসূচি পালন করেছে জাতীয় যুবশক্তি, নারায়ণগঞ্জ জেলা শাখা।
মঙ্গলবার (১০ নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত পয়েন্টে সকাল থেকেই অবস্থান কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।
অবস্থান কর্মসূচি শেষে বিকেলে শহীদ রিয়া গোপ স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শিবু মার্কেট এলাকাসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জাহিদুল হক বাঁধন বলেন, "নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ দেশের অভ্যন্তরে আর কোনো ধরনের নৈরাজ্য, অগ্নিসংযোগ বা বোমাবাজি করার সুযোগ পাবে না। দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা যুবসমাজকে সাথে নিয়ে কঠোরহস্তে দমন করা হবে। জনগণের জানমালের নিরাপত্তায় জাতীয় যুবশক্তি রাজপথে সর্বদা প্রহরী হিসেবে কাজ করবে।"
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির জেলা সদস্যসচিব তামজিদ জুবায়ের, জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার মুখ্য সংগঠক নূরজামাল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জারিফ কামরান অনন্ত, যুগ্ম আহ্বায়ক অনিক খান সিয়ামসহ জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


































