নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১২ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে মা হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, নবজাতকের মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৩৪, ১২ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে মা হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ,  নবজাতকের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মা হাসপাতাল অ্যান্ড ল্যাবের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও ভুল চিকিৎসায় যমজ সন্তানের মধ্যে একজন নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রসূতি মায়ের অবস্থার অবনতি হলে তাকে অন্য হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নম্বর ওয়ার্ডের প্রিয়ম টাওয়ার ভবনে অবস্থিত মা হাসপাতাল অ্যান্ড ল্যাবে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা হাসপাতালে গিয়ে ভাঙচুর ও হাসপাতালের ম্যানেজারসহ কয়েকজনকে মারধর করেন বলে জানা গেছে।

ভুক্তভোগী সুরমা আক্তার (১৯) কিশোরগঞ্জের আনিসুর রহমানের স্ত্রী। তারা সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের ধনুহাজী রোডের মানিক টাওয়ারের একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

পরিবারের সদস্যদের অভিযোগ, গত নয় মাস ধরে সুরমা ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার তীব্র প্রসবব্যথা শুরু হলে তাকে মা হাসপাতাল অ্যান্ড ল্যাবে নেওয়া হয়। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে প্রসব করানোর কথা বলে পরিবারের সদস্যদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেয়।

স্বজনদের দাবি, কিছুক্ষণ পর হাসপাতালের নার্সদের সহায়তায় স্বাভাবিকভাবে একটি শিশুর জন্ম হয়। পরে দ্বিতীয় সন্তান প্রসবের সময় সুরমা তীব্র ব্যথা অনুভব করলে তাকে ব্যথানাশক ইনজেকশন দেওয়া হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় চিকিৎসক উপস্থিত না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে বলে অভিযোগ পরিবারের।

একপর্যায়ে সুরমাকে সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ অবস্থায় প্রসূতি মাকে হাসপাতালটির সিসিইউতে ভর্তি করা হয়।

সুরমার শাশুড়ি হনুফা বেগম অভিযোগ করে বলেন, “আমার ছেলের বউয়ের অতিরিক্ত ব্যথা শুরু হলে হাসপাতালের ম্যানেজার মাসুদকে জানাই। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সহকারী অধ্যাপক ডা. ফারহানা তাবাসসুমের মাধ্যমে প্রসব করানোর কথা বলা হয়। কিন্তু ডাক্তার আসবেন বলে দীর্ঘ সময় পার হলেও তিনি আসেননি। নার্স শিউলিসহ দুজনের চেষ্টায় প্রথম সন্তান স্বাভাবিকভাবে জন্ম নেয়। দ্বিতীয় সন্তানের সময় ব্যথা বেড়ে গেলে ইনজেকশন দেওয়া হয়। এরপর বউয়ের অবস্থার অবনতি হলেও ডাক্তার আসেননি। এমনকি অন্য হাসপাতালে নিতে চাইলেও তারা যেতে দিচ্ছিলেন না। পরে জোর করে প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে গেলে জানতে পারি, বাচ্চাটি মারা গেছে।”

সুরমার শ্বশুরও অভিযোগ করেন, চিকিৎসকের পরিবর্তে নার্সদের দিয়ে চিকিৎসা করানোর কারণেই তাদের নাতির মৃত্যু হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

তবে অভিযোগের বিষয়ে মা হাসপাতাল অ্যান্ড ল্যাবের ম্যানেজার মাসুদ বলেন, “চিকিৎসাকালীন সময়ে রোগীর অবস্থা ভালো ছিল। আমরা ভেবেছিলাম দ্বিতীয় সন্তানটিও স্বাভাবিকভাবে জন্ম নেবে। এ কারণে চিকিৎসককে আসতে নিষেধ করেছিলাম।”

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা হাসপাতালে গিয়ে উত্তেজনা সৃষ্টি করেন। এ সময় হাসপাতালের ম্যানেজারসহ কয়েকজন মারধরের শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হেমায়েত উল্লাহ ঘটনাস্থলে যান। এবং তিনি পরিস্থিতি শান্ত করেন।

সম্পর্কিত বিষয়: