নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১১ নভেম্বর ২০২৬

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: বার্ন ইনস্টিটিউটে আনা ৯৪ শিক্ষার্থীর ৭৬ জন পেলেন ছাড়পত্র

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:১৪, ১১ নভেম্বর ২০২৬

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: বার্ন ইনস্টিটিউটে আনা ৯৪ শিক্ষার্থীর ৭৬ জন পেলেন ছাড়পত্র

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ হওয়া শিক্ষার্থীদের মধ্যে এ পর্যন্ত মোট ৯৪ জন শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাদের মধ্যে ৭৬ জন শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

 

বুধবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ২টায় ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে ১৮ জন শিক্ষার্থী ইনস্টিটিউটের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

 

এর আগে বেলা সোয়া ১১টা পর্যন্ত বার্ন ইনস্টিটিউটের বিভিন্ন ওয়ার্ডে ৩৮ জন চিকিৎসাধীন ছিলেন। আইসিইউতে থাকা চারজনের মধ্যে ইউসুফ (২০) নামে এক শিক্ষার্থীর অবস্থার উন্নতি হওয়ায় তাকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে। তবে আজিজুল ইসলাম সিয়াম (১৪) নামের অপর এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনি এখনও ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।

 

চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, “চিকিৎসাধীন বাকি ১৮ জন শিক্ষার্থীর সার্বিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমাদের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। রোগীদের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।”

 

উল্লেখ্য, সোমবার রাত ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দোতলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে দোতলার লাইব্রেরি কক্ষটি পুড়ে যায় এবং মুহূর্তের মধ্যে ভবনজুড়ে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। প্রায় ১৩০০ শিক্ষার্থীর ওই আবাসিক মাদ্রাসায় আতঙ্ক ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে ও ধোঁয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েন।