নারায়ণগঞ্জে জামাল ইয়ার্ন ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪০ কোটি ৩৯ লাখ ১০ হাজার ৯৪২ টাকার মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকির অভিযোগে মামলা দায়ের করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জ।
বুধবার (২৮ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সদর উপজেলার টানবাজার এলাকার এস এম মালেহ রোডে অবস্থিত প্রতিষ্ঠানটি আমদানিকারক ও সরবরাহকারী হিসেবে ব্যবসা পরিচালনা করে। কমিশনারেটের নিবারক দল আকস্মিক পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানের মজুদ পণ্য ও হিসাব ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে।
এ সময় প্রতিষ্ঠানটি ভ্যাটসংক্রান্ত দলিলাদি দেখাতে ব্যর্থ হয়। পরে প্রতিষ্ঠানের বিভিন্ন রেজিস্টার, খাতা, চালান বই, গার্ড ফাইল, কম্পিউটার থেকে সংগৃহীত এক্সেল কপি এবং প্রতিষ্ঠানের প্রতিনিধির স্বাক্ষরযুক্ত একটি বিবৃতি জব্দ করা হয়।
জব্দ করা দলিলাদি প্রাথমিকভাবে পর্যালোচনা করে দেখা যায়, ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির সুতা বিক্রির মোট পরিমাণ ৬৫৯ কোটি ১৪ লাখ ৬০ হাজার ৫৯১ টাকা। এ বিক্রির ওপর ৫ ও ৭ দশমিক ৫ শতাংশ হারে প্রযোজ্য ভ্যাটের পরিমাণ ৪০ কোটি ৪০ লাখ ৪৪ হাজার ৪৪২ টাকা।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত প্রতিষ্ঠানটি দাখিলপত্রে (মূসক-৯.১) ৩৯ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২৩০ টাকার বিক্রি দেখিয়েছে। একই সময়ে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে মাত্র ১ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা জমা দিয়েছে। এ হিসাবে প্রতিষ্ঠানের কাছে সরকারের বকেয়া ভ্যাটের পরিমাণ দাঁড়িয়েছে ৪০ কোটি ৩৯ লাখ ১০ হাজার ৯৪২ টাকা।
কমিশনারেট জানায়, প্রতিষ্ঠানটির এ কার্যক্রম মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিভিন্ন বিধানের লঙ্ঘন। এ কারণে অনাদায়ী ভ্যাট, জরিমানা ও আইনের ১২৭ ধারা অনুযায়ী সুদ আদায়ের লক্ষ্যে মামলা দায়ের করা হয়েছে।


































