ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ অংশে ৩ কিলোমিটারজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে কাচপুর, রূপসী ও বরাবো এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। দুপুরে যানজট পরিস্থিতি বিস্তৃত হয়ে তিন কিলোমিটারজুড়ে যানজট ছড়িয়ে পড়ে। সারাদিন যানবাহনের চাপের সঙ্গে তাল মিলিয়ে কখনও দীর্ঘ লাইন কখন ধীর গতিতে চলছে যানবাহন।জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের পাশের তারাবো-ডেমরা সড়কের (আর-২০১) প্রথম কিলোমিটারে অবস্থিত ডেমরা সেতুর এক্সপানশন জয়েন্টের মেরামত কাজ করছে নারায়ণগঞ্জ সড়ক বিভাগ। এ কারণে ডেমরা সেতু বন্ধ রয়েছে। ফলে এ সেতু হয়ে যাত্রাবাড়ী দিয়ে যে সব যানবাহন রাজধানীতে প্রবেশ করত, সে গাড়িগুলো কাঁচপুর দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রবেশ করে শিমরাইল হয়ে রাজধানীতে প্রবেশ করছে। এ কারণে কাঁচপুর দিয়ে চলাচলকারী যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় সকাল থেকেই ধীরগতি শুরু হয়।
বেলা ১০টার দিকে যানবাহনের লাইন লাগতে শুরু করে। দুপুরের পর যানজট পরিস্থিতির অবনতি হয়ে কাচপুর থেকে রূপসি পর্যন্ত তিন কিলোমিটার এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে।নাছির উদ্দিন নামের এক যাত্রী বলেন, ভুলতা গাউছিয়ায় আজকে সাপ্তাহিক হাট। কেনাকাটা করতে ৩টায় শিমড়াইল থেকে বাসে উঠেছি। কাজ করে এসেই যানজটে পড়েছি।
মাহিন মিয়া নামে আরেক যাত্রী বলেন, রাস্তা এক লেনের, তার ওপর অবস্থা ভয়াবহ। ঘণ্টা হতে চলল যানজটে বসে আছি। গাড়ি চুল পরিমাণে নড়াচড়া করছে না। এ রাস্তায় সবসময়ই ভোগান্তিতে পড়তে হচ্ছে।
লেগুনা চালক বাবুল মিয়া বলেন, আজ ভুলতা গাউছিয়ার হাট। আশা করেছিলাম আজ রোজগার ভালো হবে। এসে দেখি তারাবো ব্রিজের সংস্কার কাজের জন্য রাস্তা বন্ধ। এতে অতিরিক্ত গাড়ির চাপে লেগেছে যানজট।আজকের দিনটাই মাটি হয়ে গেল।
ভুলতা হাইওয়ে পুলিশের (টিআই) জসিম উদ্দিন বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের পাশের তারাবো-ডেমরা সড়কের (আর-২০১) প্রথম কিলোমিটারে অবস্থিত ডেমরা সেতুর এক্সপানশন জয়েন্টের মেরামত কাজ চলছে। এ কারণে সেতু দিয়ে চলাচল বন্ধ। এখন এ সড়কের গাড়িগুলো এক পথ দিয়ে ঢাকায় প্রবেশ করছে। এতে গাড়ির চাপ বেড়ে কিছুটা যানজট তৈরি হয়েছে।
তিনি বলেন, হাইওয়ে পুলিশের পক্ষ থেকে যাত্রীসাধারণকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাতায়াত এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। তবে নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিতে হাইওয়ে পুলিশ কাজ করছে।


































