নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) পরিচালিত এসব অভিযানে ৩৩৬ পিস ইয়াবা, ৬ কেজি ১৬০ গ্রাম গাঁজা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে ১২ জন মাদক ব্যবসায়ী, ৪২ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ৯ জন, ৫ জন ছিনতাইকারী, নিয়মিত মামলার ২ জন আসামি, অন্যান্য মামলায় ৫ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ জন সদস্য রয়েছেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানায় ১৩ জন, ফতুল্লা মডেল থানায় ১৪ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ৯ জন, বন্দর থানায় ২ জন, সোনারগাঁ থানায় ২৩ জন, রূপগঞ্জ থানায় ১৭ জন এবং আড়াইহাজার থানায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ২ কেজি গাঁজা ও ৩৫ পিস ইয়াবা উদ্ধার করে। এ ছাড়া ফতুল্লা মডেল থানা পুলিশ ৪ কেজি গাঁজা, ১৬০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবা, সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৫১ পিস ইয়াবা এবং রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৬০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


































