নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্লিপার বাসের সিটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় বাসের সুপারভাইজার ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬৯ লাখ টাকা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সোনারগাঁ থানাধীন পিরোজপুর দোয়েল বাস টার্মিনালে কক্সবাজার থেকে ঢাকাগামী আলফা এক্সপ্রেস নামের একটি স্লিপার বাসে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ডিবির পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় বাসের সিটের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ২৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এ ঘটনায় বাসের সুপারভাইজার রাকিবুল হাসান (৩০) ও হেলপার মো. আশিককে (২৮) গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাইনবোর্ড এলাকা থেকে সাইফুল হোসেন (৩৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তার রাকিবুল হাসানের বাড়ি যশোরের শার্শা থানার ভবেরবেড় এলাকায়। তিনি ঢাকার যাত্রাবাড়ীর বিবির বাগিচায় থাকতেন। আশিকের স্থায়ী ঠিকানা যশোরের কোতোয়ালি থানার নিউ মার্কেট বি-ব্লক এলাকায়। তিনি ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় থাকতেন। অপর গ্রেপ্তার সাইফুল হোসেন নারায়ণগঞ্জের ফতুল্লার ব্রাহ্মণগাঁও এলাকার বাসিন্দা।
পুলিশ আরও জানায়, ইয়াবা চোরাচালানের মূল হোতাকে গ্রেপ্তারের লক্ষ্যে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় ডিবির এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
অভিযানে ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের পাশাপাশি আলফা এক্সপ্রেস নামের স্লিপার বাসটি জব্দ করা হয়েছে।


































