নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৭ অক্টোবর ২০২৬

সদরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’র বাছাই, অংশ নিল ৩ হাজারের বেশি ক্ষুদে ক্রীড়াবিদ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৪৬, ২৭ অক্টোবর ২০২৬

সদরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’র বাছাই,  অংশ নিল ৩ হাজারের বেশি ক্ষুদে ক্রীড়াবিদ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে ১২ থেকে ১৪ বছর বয়সী তিন হাজারের বেশি ক্ষুদে ক্রীড়াবিদ অংশ নিয়ে নিজেদের প্রতিভা ও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছে।

 

বাছাই পর্বে ক্রিকেট, ফুটবল, দাবা, কাবাডি, অ্যাথলেটিক্স, কারাতে, সাঁতার, ব্যাডমিন্টন, ভলিবল ও টেবিল টেনিস—এই ১০টি ইভেন্টে প্রতিযোগীরা অংশ নেয়। শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন ইউনিয়নে সৃষ্টি হয় ক্রীড়ামুখর পরিবেশ।

 

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভার বিকাশ ঘটানো। পাশাপাশি খেলাধুলাকে ভবিষ্যৎ পেশা হিসেবে গ্রহণের সুযোগ তৈরি করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

সংশ্লিষ্টদের মতে, যথাযথ প্রশিক্ষণ, পরিচর্যা ও সুযোগ পেলে এসব ক্ষুদে ক্রীড়াবিদ ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরতে পারবে। তৃণমূল পর্যায়ে এ ধরনের আয়োজন প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে তাদের ধারাবাহিক প্রশিক্ষণের আওতায় আনার সুযোগ তৈরি করবে।

 

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক, কিশোর অপরাধ ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও খেলাধুলার ভূমিকা গুরুত্বপূর্ণ। নিয়মিত ক্রীড়াচর্চার মাধ্যমে তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, অধ্যবসায় ও দলগত সহযোগিতার মনোভাব গড়ে ওঠে।

 

নারায়ণগঞ্জ সদর উপজেলায় তিন হাজারের বেশি ক্ষুদে ক্রীড়াবিদের অংশগ্রহণ স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রতি শিশু-কিশোরদের আগ্রহ ও সম্ভাবনারই প্রতিফলন। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতে ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণের মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগও বাড়বে।

তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের এ উদ্যোগ নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি দেশের ভবিষ্যৎ ক্রীড়াবিদ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন