নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬

খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মানসিক পরিবর্তন সম্ভব: রিয়াদ চৌধুরী

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:২০, ২১ সেপ্টেম্বর ২০২৬

খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মানসিক পরিবর্তন সম্ভব: রিয়াদ চৌধুরী

খেলাধুলার ধারাবাহিকতা অব্যাহত রাখা গেলে যুবসমাজ, ছাত্রসমাজসহ সব শ্রেণি-পেশার মানুষের মানসিক পরিবর্তন ঘটবে বলে মন্তব্য করেছেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

 

তিনি বলেন, আমরা চাই এই সমাজব্যবস্থায় ক্রীড়াঙ্গনের মাধ্যমে পরিবর্তন আসুক এবং আগামীতে নতুন একটি বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা রাখুক।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লা ডি.আই.টি মাঠে ফতুল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা ও ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিনির্মাণের লক্ষ্যে যে ৩১ দফা ঘোষণা করেছেন, তার মধ্যে শিক্ষা ও ক্রীড়াঙ্গন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

 

তিনি আরও বলেন, নতুন কুঁড়ির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিভাবান শিশু ও খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের প্রতিভা বিকাশের লক্ষ্যে খেলাধুলাকে এগিয়ে নেওয়ার যে উদ্যোগ, তারই ধারাবাহিকতায় আমরাও চাই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় খেলাধুলা সচল রাখুক।

 

বর্তমান সময়ে যুবসমাজ ও ছাত্রসমাজের একটি অংশ ভার্চুয়াল জগতের প্রতি আসক্ত হয়ে পড়ছে উল্লেখ করে তিনি বলেন, মাদকের পাশাপাশি সমাজবিরোধী নানা কর্মকাণ্ড থেকেও তরুণদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। 

 

আমরা যদি খেলাধুলার ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি, তাহলে যুবসমাজ, ছাত্রসমাজসহ সব শ্রেণির মানুষের মানসিক পরিবর্তন হবে। আর মানুষের মানসিক পরিবর্তন হলে সমাজেরও পরিবর্তন ঘটবে।

 

রিয়াদ মোহাম্মদ চৌধুরী টুর্নামেন্টের আয়োজক, অংশগ্রহণকারী খেলোয়াড় ও সহযোগীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে এটাই আমাদের প্রত্যাশা।

 

অনুষ্ঠানে ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মাঠ পরিচালনার দায়িত্বে ছিলেন ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। বক্তব্যে তিনি ফতুল্লার তরুণ সমাজকে মাদক থেকে দূরে থেকে খেলাধুলাকে জীবনের অংশ হিসেবে গ্রহণের আহ্বান জানান।

 

শহীদুল ইসলাম টিটু বলেন, আমি আজকের এই টুর্নামেন্টের মধ্য দিয়ে ফতুল্লার প্রতিটি তরুণকে আহ্বান জানাচ্ছি মাদককে না বলুন, খেলাধুলাকে আপনার জীবনযাত্রার অংশ করুন। আসুন, আমরা সকলে মিলে একটি মাদকমুক্ত, অপরাধমুক্ত ও সুন্দর ফতুল্লা গড়ে তুলি।

 

তিনি টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করে অংশগ্রহণকারী খেলোয়াড়দের শুভকামনা জানান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, মডেল গ্রুপের জেনারেল ম্যানেজার (ডেভেলপমেন্ট) মনির হোসাইন সরদার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা কৃষকদলের সভাপতি জুয়েল আরমান এবং ফতুল্লা থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সম্পর্কিত বিষয়: