নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী ১৩টি ফুটসাল মাঠ নির্মাণে নাসিককে ৫২ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন: সাখাওয়াত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:৪০, ১৯ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী ১৩টি ফুটসাল মাঠ নির্মাণে নাসিককে ৫২ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন: সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, বর্তমান সরকার খেলাধুলার প্রতি গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতায় ১৩টি ফুটসাল মাঠ নির্মাণের জন্য ৫২ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন বলে তিনি দাবি করেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের উদ্যোগে আয়োজিত বাগে জান্নাত ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, ‘গত ১৫ বছর মানুষকে নানা ধরনের নেশার জালে জড়িয়ে অন্ধকারাচ্ছন্ন করে রাখা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতার দায়িত্ব নেওয়ার পর খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য হচ্ছে শিশু-কিশোর ও যুবকদের মোবাইল আসক্তি, মাদকাসক্তি, সন্ত্রাস ও কিশোর গ্যাং থেকে দূরে রাখা।’

তিনি বলেন, ‘আমরা নারায়ণগঞ্জে সাভারের বিকেএসপির আদলে একটি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান করার বিষয়ে কাজ করছি। এ বিষয়ে প্রধানমন্ত্রী পদক্ষেপ নেবেন। পাশাপাশি ওসমানী স্টেডিয়ামও উন্নত করা হবে।’

এলাকাবাসীর দাবির প্রসঙ্গে নাসিক প্রশাসক বলেন, বাগে জান্নাতের মাঠটি উন্নত করা হবে। খেলোয়াড়দের দাবির পরিপ্রেক্ষিতে চাইনিজ গোলবার স্থাপনসহ অন্যান্য প্রয়োজনীয় কাজ করা হবে। মাঠের চারপাশে ওয়াকওয়ে নির্মাণ এবং পানি জমে থাকা রোধে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। খেলোয়াড়দের মাঠে অবস্থানের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জ হচ্ছে খেলোয়াড় তৈরির উর্বর ভূমি। আমরা চাই এখান থেকে সম্রাট হোসেন এমিলি, মোনেম মুন্না, আশরাফ উদ্দিন চুন্নু, সালাউদ্দিন ও গাউসের মতো খেলোয়াড় তৈরি হোক। যারা খেলাধুলা করবে তারা যেন উন্নত জীবন গড়তে পারে, বর্তমান সরকার সে লক্ষ্যেই কাজ করছে।’

বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সহসভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ফারুক আহাম্মদ রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পরিষদের সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি রোটারিয়ান মহিউদ্দিন মাহমুদ। বক্তব্য রাখেন পরিষদের সহসভাপতি ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়।

পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আইউব আলী, ইকবাল হোসেন, হাসানুর রহমান, সহসভাপতি সামছুল হক বাচ্চু, সহসাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন টিপু, ক্রীড়া সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আসলাম মিয়া, সহসাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, অর্থ সম্পাদক হাফেজ মোক্তার হোসেন, সহঅর্থ সম্পাদক কাজী মাহফুজুর রহমান সোয়েব, কার্যকরী সদস্য রহমত উল্লাহ লিটন, মুজাহিদুল কবির রুবেল, আওলাদ হোসেনসহ অনেকে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে ছিলেন পঞ্চায়েতের সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান ডিউক, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল সাকিব, প্রচার সম্পাদক ফয়সাল আবেদ হিমু ও ফাহিম আহাম্মেদ।

টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয়। ফাইনালে ট্রাইবেকারে ১-০ গোলে হোয়াইট ইগলসকে হারিয়ে ব্ল্যাক টাইগার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইমাম, সেরা গোলকিপারের পুরস্কার পান সায়েম এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতেন রাব্বি।

পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।