নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে মাদক সেবনের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার, ১৫ দিনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:২০, ৪ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে মাদক সেবনের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার, ১৫ দিনের কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনের অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই ঘটনায় তাঁকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

 

বুধবার (৪ নভেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

 

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মাদক সেবনের অভিযোগে আলী আহমেদকে আটক করে পুলিশ। পরে তাঁর শরীরে মাদকের উপস্থিতি নিশ্চিত করতে ডোপ টেস্ট করা হয়। পরীক্ষায় মাদকের উপস্থিতি পাওয়া যায় বলে জানা গেছে। এরপর তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেন।

 

আলী আহমেদ রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

এদিকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তারের ঘটনায় আলী আহমেদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। তাঁকে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের সিদ্ধান্তে তাঁকে বহিষ্কার করা হয়েছে।

 

একই সঙ্গে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক অবস্থান স্পষ্ট করে দলটি।