নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ নভেম্বর ২০২৬

আর.পি. সাহা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘সিএসই ফেস্ট ২০২৬’র উদ্বোধন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৩৪, ৩ নভেম্বর ২০২৬

আর.পি. সাহা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘সিএসই ফেস্ট ২০২৬’র উদ্বোধন

নারায়ণগঞ্জের রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী প্রযুক্তি ও সাংস্কৃতিক উৎসব ‘সিএসই ফেস্ট ২০২৬’ শুরু হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত।

প্রযুক্তি, উদ্ভাবন, সৃজনশীলতা ও বিনোদনের সমন্বয়ে আয়োজিত উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায়। উদ্বোধনী আয়োজন ও ফ্ল্যাশ মবের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। প্রথম দিনের আয়োজনের অংশ হিসেবে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক ড. এম কায়কোবাদ এবং বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফের প্রশিক্ষক ড. ফারজানা আলম।

এ ছাড়া প্রথম দিনে শিক্ষার্থীদের প্রকল্প প্রদর্শনী, পোস্টার উপস্থাপনা ও ইনডোর গেমসের আয়োজন করা হয়। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতা তুলে ধরার সুযোগ পান।

উৎসবের দ্বিতীয় দিন বুধবার (৪ নভেম্বর) সকালে অনুষ্ঠিত হবে ইন্ট্রা-ডিপার্টমেন্ট প্রোগ্রামিং কনটেস্ট (আইডিপিসি) ও আইসিটি অলিম্পিয়াড। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য থাকছে বিভিন্ন ইনডোর গেমস।

তিন দিনব্যাপী উৎসবের শেষ দিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে। এদিন শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যান্ড শো, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় বিশেষ কনসার্টে সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড ‘অড সিগনেচার’।

সিএসই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, এ উৎসব তরুণদের প্রযুক্তিগত জ্ঞান, মেধা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, পারস্পরিক সহযোগিতা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরি করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মহাবীর পতি, আর.পি.সাহা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. কিংকর প্রসাদ ঘোষ এবং সিএসই বিভাগের বিভাগীয় প্রধান শোভন কুমার পাল। অনুষ্ঠান সমন্বয় ও তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মো. আসাদুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।