এবারের এইচএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীন শূন্য পাসের ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এসব প্রতিষ্ঠানের মোট ১০২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছে।
সোমবার (২ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা এতথ্য জানিয়েছেন।
ঢাকা শিক্ষা বোর্ডের তালিকা অনুযায়ী, শূন্যপাস করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকার তিনটি, ফরিদপুরের চারটি, গাজীপুরের একটি, গোপালগঞ্জের একটি, কিশোরগঞ্জের দুটি, মানিকগঞ্জের দুটি, মুন্সীগঞ্জের তিনটি, নারায়ণগঞ্জের দুটি, রাজবাড়ীর দুটি, শরীয়তপুরের একটি ও টাঙ্গাইলের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম রয়েছে।
ঢাকার ই. হক কলেজ, সিটি মডেল কলেজ ও এশিয়ান আইডিয়াল কলেজ; ফরিদপুরের কবি জসীম উদ্দীন উচ্চবিদ্যালয়, মেঘচামী আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, কাজী সিরাজুল ইসলাম গার্লস হাই স্কুল এবং সাঈদা সাজেদা চৌধুরী উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে কেউ পাস করেনি।
গাজীপুরের জালাল উদ্দিন মাস্টার স্কুল অ্যান্ড কলেজ; গোপালগঞ্জের দুর্বাসুর মডেল হাই স্কুল; কিশোরগঞ্জের কিশোরগঞ্জ সিটি কলেজ ও আবুল কাশেম কলেজ; মানিকগঞ্জের ড. আবদুর রহিম খান মহিলা কলেজ ও গোলাম মনির হোসেন মহিলা কলেজে শূন্য পাস ফল এসেছে।
মুন্সীগঞ্জের মদিনীমণ্ডল গার্লস কলেজ, রাইদা অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজ ও হাসাড়াখালি কিশোর উচ্চবিদ্যালয় নারায়ণগঞ্জের নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও গিয়াস উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ থেকে কেউ পাস করেনি।
রাজবাড়ীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল জব্বার কলেজ ও কাচারী পাড়া হাই স্কুল; শরীয়তপুরের নগর পাড়া স্কুল অ্যান্ড কলেজ; টাঙ্গাইলের আলোয়া হাই স্কুল, খন্দকার আসাদুজ্জামান একাডেমি, শিমলা পাবলিক হাই স্কুল ও সুরা তরুণ শিক্ষাঙ্গন শূন্য পাসের তালিকায় রয়েছে।


































