নারায়ণগঞ্জ- ৪ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি একেএম শামীম ওসমানকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, এবার তুই নারায়ণগঞ্জে ঢুকলে তোর হাত-পা থাকবে কিনা তুই সেটা দেখিস। আর তোদের পরিবারের কাছে নারায়ণগঞ্জবাসীকে আর জিম্মি করতে দেয়া হবে না।
রবিবার (১ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ এলাকায় নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ড উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে এসব মন্তব্য করেন টিপু।
‘তুই’ ‘তর’ ‘তোদের’ এসব শব্দ ব্যবহার করে টিপু বলেন, তুই পাঁচ হাজার কোটি টাকা নারায়ণগঞ্জ থেকে লুটপাট করে নিয়েছিস। তর রাক্ষুসী পেট ভরে না। তারপর তুই জুলুম করে হুমকি দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করার পরও আবারো নারায়ণগঞ্জের মানুষদের জিম্মি করতে চাস। তোকে বলে দিতে চাই, বহু চাপাবাজি করেছিস, আল্লাহ কাছে তওবা কর মাফ চাও। তুই মৃত্যুর সাথে ইন্ডিয়াতে পাঞ্জা লড়ছিস।
টিপু আরও বলেন, ওই যে ফ্যাসিস্টরা কানাগোসা করছে। ওই চাপাবাজ নারায়ণগঞ্জের নাটকবাজ একটা গডফাদার আছে। অয় ঘোষণা দিয়েছেন আমি ডিসেম্বর আসতাছি কামান বামান কোন কিছুতে আমাকে থামাতে পারবে না। আরে বেটা তুই তো বোরকা পড়ে পালিয়ে গিয়েছিস। তুমি তো কাপুরুষ, তুই আবার কি ঘোষণা দেস। তুই তো বর্ডার এলাকায় পাড় হয়ে আসতে পারবি না।
টিপু বলেন, তুই আবার চাপাবাজি করসিস তুই নারায়ণগঞ্জে আসবি কামান তোকে ঠেকিয়ে রাখতে পারবে না। আমরা সেই অপেক্ষা রইলাম। তুই পালিয়ে গেছিস, তর ভাই, তর পোলা গেছে, তোর ভাইস্তা গেছে, তর বউ বিয়াই আত্মীয়-স্বজন, তর শেখ হাসিনা পালিয়ে গেছে। তবুও তোদের চাপাবাজি থামে না।


































