নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা ২ লাখ ৪ হাজার ২৪০ টাকা মূল্যের মালামাল, একটি বার্মিজ চাকু ও একটি ছোড়া উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন সিদ্ধিরগঞ্জের নিমাই কাশারী এলাকার আব্দুল লতিফ ছেলে রিপন (৩৪), কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার জগতচর গ্রামের মৃত দৌলত মিয়ার ছেলে মো. রাব্বি (৩০), সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকার মৃত রতন চন্দ্র দাসের ছেলে হৃদয় চন্দ্র দাস (৩০) এবং একই থানার মিজমিজি মৌচাক স্ট্যান্ড এলাকার মোবারক হোসেনের ছেলে মাসুম (২৯)। রিপন মৌচাক লতা স্টোর এলাকার বাসিন্দা। রাব্বির স্থায়ী ঠিকানা কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার জগতচর গ্রামে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাচির বাসায় থাকেন।
পুলিশ জানায়, উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম সমন্বয়ে ডিবির একটি দল অভিযান চালায়। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকৃত মালামালসহ চক্রের চার সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অভিযানে দুটি ইসিজি মনিটর, লিফটের যন্ত্রপাতি, ২ লাখ ৪ হাজার ২৪০ টাকা মূল্যের মালামাল, একটি বার্মিজ চাকু ও একটি ছোড়া উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা করেছেন উপপরিদর্শক মফিজুল ইসলাম।


































