নারায়ণগঞ্জে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও মদসহ ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিনগত রাত পর্যন্ত জেলার সাতটি থানা এলাকা ও ডিবি পুলিশের একাধিক দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, অভিযানে মোট ৪ হাজার ৫৪০ পিস ইয়াবাবড়ি ও ১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী ৭ জন, মাদকসেবী ৫৮ জন, পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি ১৫ জন, নিয়মিত মামলার আসামি ৭ জন, বিভিন্ন ধারায় ৭ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ সদস্য রয়েছেন।
সবচেয়ে বেশি আসামি গ্রেপ্তার হয়েছে ফতুল্লা এলাকা থেকে। ফতুল্লা মডেল থানা পুলিশ ১০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ১৩ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ৩ জন, নিয়মিত মামলার ৩ জন ও অন্যান্য ধারায় ২ জনসহ সর্বমোট ২২ জনকে গ্রেপ্তার করেছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী, ১৪ মাদকসেবী, ৪ জন পরোয়ানাভুক্ত আসামি ও নিষিদ্ধ সংগঠনের ১ সদস্যসহ ২১ জনকে গ্রেপ্তার করে। এছাড়া সোনারগাঁও থানা পুলিশ ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ও ১ বোতল বিদেশি মদসহ ৪ মাদক ব্যবসায়ী, ১১ মাদকসেবী, ২ পরোয়ানাভুক্ত ও ২ জন অন্য ধারার আসামিসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে।
অন্যান্য থানার মধ্যে বন্দর থানায় ১১ জন, সদর মডেল থানায় ১০ জন, আড়াইহাজার থানায় ৭ জন এবং রূপগঞ্জ থানায় ৬ জন গ্রেপ্তার হয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


































