নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

৩০ অক্টোবর ২০২৬

বন্দর থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ যুবক মুগদায় উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:০৬, ৩০ অক্টোবর ২০২৬

বন্দর থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ যুবক মুগদায় উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হওয়া সিয়াম আলী (১৯) নামের এক তরুণকে রাজধানী ঢাকার মুগদা এলাকা থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

নিখোঁজের সাত দিন পর শুক্রবার (৩০ অক্টোবর) তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধার করা হয়। পুলিশের অনুসন্ধানে জানা গেছে, ওই তরুণ অপহৃত হননি, বরং নিজেই আত্মগোপনে ছিলেন।

​উদ্ধার হওয়া সিয়াম আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বেগুনবাড়ি গ্রামের সাদিকুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, সিয়াম নারায়ণগঞ্জের বন্দর এলাকায় লেবার সর্দার সহিদুল ইসলামের অধীনে গত ৩-৪ মাস ধরে কাজ করছিলেন। গত ২৩ অক্টোবর তিনি চাঁপাইনবাবগঞ্জের নিজ বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার পর থেকে নিখোঁজ হন। সিয়ামের পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে লেবার সর্দার সহিদুল ইসলামকে সন্দেহ করে। 

পরবর্তীতে এ বিষয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন সহিদুল।

​জিডির সাত দিন অতিবাহিত হলেও তরুণকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় বিষয়টি এসপি মো. হাবিবুর রহমান তাৎক্ষণিকভাবে ঘটনাটি তদন্ত করে ভুক্তভোগীকে উদ্ধারের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দেন।

​এসপির নির্দেশে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় সিয়ামের অবস্থান চিহ্নিত করে। পরে আজ ৩০ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুগদা থানাধীন উত্তর মুগদা এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ নিশ্চিত করেছে, সিয়াম কোনো বিপদে পড়েননি বা অপহৃত হননি, তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। উদ্ধার কাজ শেষে পুলিশ আনুষ্ঠানিকভাবে তরুণকে তার ভাই আমিনুল এবং লেবার সর্দার সহিদুল ইসলামের জিম্মায় বুঝিয়ে দিয়েছে।

সম্পর্কিত বিষয়: