নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৬৪২ বোতল ফায়ারড্রিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াব এলাকার প্রগতি স্কুলের পশ্চিম পাশে সেতুর পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে মো. শিমুল হোসেন (৩৬) এবং একই উপজেলার পার সাওতা বিনোদপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে
মো. ইয়ামিন আলী (২১)।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অজয় কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৬৪২ বোতল ফায়ারড্রিল উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


































