দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দক্ষ, কর্মমুখী ও আত্মনির্ভরশীল জনশক্তি গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
রোববার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “দেশ গঠনের দায়িত্ব শুধু যুবসমাজের নয়, এ ক্ষেত্রে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কর্মমুখী এবং আত্মনির্ভরশীল জনশক্তি গড়ে তুলতে হবে। এ জন্য যুবকদের প্রযুক্তিগত জ্ঞান ও ভাষাগত দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।”
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে দিবসটি উদযাপন উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্য জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “আমাদের মধ্যে দক্ষ জনশক্তির অভাব রয়েছে। দক্ষতা থাকলে একজন মানুষ সব জায়গায় সফলতা অর্জন করতে পারবেন।”
তিনি আরও বলেন, বেকার ও কর্মহীন যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যতম কাজ।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আবুল বাসার, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তা, যুব প্রশিক্ষণকেন্দ্রের প্রতিনিধি ও প্রশিক্ষণার্থীরা।


































