ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধীন মাস্টার অব প্রফেশনাল অ্যাকাউন্টিং (এমপিএ) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোঃ মোফাখখারুল ইসলাম পারভেজ।
২০২৬–২০২৭ ও ২০২৭–২০২৮ মেয়াদের জন্য ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।
গত ৩০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনের নবম তলায় অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে সংগঠনটির প্রথম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদী হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন এইচ এম নুরুজ্জামান মিয়া।
মো. মোফাখখারুল ইসলাম পারভেজ রংপুর জেলার কাউনিয়া উপজেলার বাসিন্দা। দীর্ঘ পেশাগত জীবনে তিনি দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। করপোরেট ফাইন্যান্স, আর্থিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা, বাজেট প্রণয়ন, আর্থিক বিশ্লেষণ, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা রয়েছে।
বর্তমানে সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিএফও হিসেবে প্রতিষ্ঠানের সামগ্রিক আর্থিক কার্যক্রম, কৌশলগত আর্থিক পরিকল্পনা, ব্যয় নিয়ন্ত্রণ ও সম্পদের কার্যকর ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে আর্থিক বিশ্লেষণ ও ঝুঁকি মূল্যায়নের মাধ্যমে প্রতিষ্ঠানের টেকসই প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছেন। তিনি ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনেরও সদস্য।
সংশ্লিষ্টরা মনে করছেন, আর্থিক ব্যবস্থাপনা ও করপোরেট অঙ্গনে পারভেজের দীর্ঘ অভিজ্ঞতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম, আর্থিক স্বচ্ছতা এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে গঠিত তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের নেতৃত্ব দেন এমপিএ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. ধীমান কুমার চৌধুরী। কমিশনের অন্য সদস্যরা ছিলেন অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান সরকার, এফসিএমএ এবং অধ্যাপক আমিরুস সালাত।
নবগঠিত এ কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমপিএর প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সম্পর্ক উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময়, জ্ঞানচর্চা ও ক্যারিয়ার বিকাশে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে করপোরেট ও একাডেমিক অঙ্গনের মধ্যে সংযোগ স্থাপন এবং নতুন প্রজন্মের পেশাজীবীদের দক্ষতা উন্নয়নেও সংগঠনটি ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


































