নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১২৪ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা ও ১০ বোতল উইনসেরেক্স (WINCEREX) উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ মোট ৮৫ জনকে গ্রেপ্তার করেছে জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে ১৩ জন মাদক ব্যবসায়ী, ৪৮ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ১১ জন, চারজন ছিনতাইকারী, নিয়মিত মামলার পাঁচজন আসামি, অন্যান্য ধারায় একজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিনজন সদস্য রয়েছেন।
থানাভিত্তিক তথ্যে জানা যায়, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী ও তিনজন মাদকসেবী। ফতুল্লা মডেল থানা পুলিশ ১৯ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, ২০ জন মাদকসেবী, চারজন ওয়ারেন্টভুক্ত আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করেছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ১ হাজার ৫৫ পিস ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ী, সাতজন মাদকসেবী, নিয়মিত মামলার একজন আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে। বন্দর থানা পুলিশ ২০ পিস ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ী, একজন মাদকসেবী, দুজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং অন্যান্য ধারায় একজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে।
অন্যদিকে, সোনারগাঁ থানা পুলিশ ১০ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ী, ১০ জন মাদকসেবী, চারজন ছিনতাইকারী, নিয়মিত মামলার চারজন আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করেছে। রূপগঞ্জ থানা পুলিশ ১০ বোতল উইনসেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ী, পাঁচজন মাদকসেবী ও চারজন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে।
আড়াইহাজার থানা পুলিশের অভিযানে দুজন মাদকসেবী ও একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারের কথা উল্লেখ করা হয়েছে। তবে এ থানার গ্রেপ্তারের সংখ্যা ও শ্রেণিভিত্তিক হিসাবের মধ্যে তথ্যগত অসংগতি রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


































