নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৈতৃক সম্পত্তি নিজেদের নামে লিখে না দেওয়ায় ৬৫ বছর বয়সী বৃদ্ধ বাবাকে মারধর, জোরপূর্বক একটি কক্ষে আটকে রাখা এবং মেয়ে ও মেয়ের জামাতাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর দুই ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী বৃদ্ধ মো. আব্দুস সালাম। এ বিষয়ে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত দুই ছেলে হলেন নুর আলম (৪৭) ও রাতুল হোসেন (৩৩)। তাঁরা সিদ্ধিরগঞ্জ সাইলোগেট এলাকার কবরস্থান মসজিদসংলগ্ন এলাকার বাসিন্দা। তাঁদের বাবা আব্দুস সালামও একই এলাকায় বসবাস করেন।
থানায় দেওয়া লিখিত অভিযোগে আব্দুস সালাম উল্লেখ করেন, অভিযুক্ত দুই ছেলে দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে তাঁর ভরণ-পোষণের দায়িত্ব পালন করছেন না। এ কারণে তাঁর মেয়ে সেলিনা আক্তার (৩৬) ও মেয়ের জামাতা সাইদুর রহমান (৩৮) দীর্ঘদিন ধরে তাঁর দেখাশোনা ও ভরণ-পোষণসহ যাবতীয় দায়িত্ব পালন করে আসছেন।
অভিযোগে বলা হয়, বড় ছেলে নুর আলম দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকায় প্রবাসী ছিলেন। প্রবাসে থাকা অবস্থায় তিনি বেশ কয়েকবার বাবার সব সম্পত্তি দুই ছেলের নামে লিখে দেওয়ার কথা বলেন। তবে এতে রাজি হননি আব্দুস সালাম। নুর আলম দেশে ফেরার পর থেকেই বিভিন্ন অজুহাতে তাঁকে, তাঁর মেয়ে ও মেয়ের জামাতাকে অকথ্য ভাষায় গালাগাল এবং নানা ধরনের হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগ অনুযায়ী, গত ১০ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে দুই ছেলে আবারও বাবার সব সম্পত্তি তাঁদের নামে লিখে দেওয়ার জন্য চাপ দেন। এতে আব্দুস সালাম রাজি না হওয়ায় তাঁকে চড়-থাপ্পড় মারেন এবং জোরপূর্বক একটি কক্ষে আটকে রাখেন বলে অভিযোগ করা হয়েছে।
বিষয়টি জানতে পেরে মেয়ে সেলিনা আক্তার সেখানে গিয়ে বাবাকে তাঁদের জিম্মি থেকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্তরা তাঁর মেয়েকেও চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনার রেশ ধরে বুধবার (১১ নভেম্বর) অভিযুক্ত দুই ছেলে বাড়ির বৈদ্যুতিক কাটআউট খুলে রাখেন বলেও অভিযোগ করেছেন আব্দুস সালাম। পরে তাঁর মেয়ের জামাতা সাইদুর রহমান কাটআউটটি ঠিক করতে গেলে অভিযুক্তদের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁকে মারধরের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আব্দুস সালাম অভিযোগে আরও বলেন, দুই ছেলের এমন আচরণ, মারধর ও অব্যাহত হুমকির কারণে তিনি নিজের ও পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এ পরিস্থিতিতে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী বলেন, “বৃদ্ধ বাবাকে মারধর, জোরপূর্বক আটকে রাখা এবং সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগের বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করা হবে। উভয় পক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


































